© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ ম্রুণাল

শেয়ার করুন:
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ ম্রুণাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ এএম | ০৯ আগস্ট, ২০২৬
ভারতীয় জাতীয় দলের উদীয়মান তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে নিজের প্রেমের চটকদার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। মুম্বাইয়ের একই রেস্তোরাঁ থেকে দুজনকে বের হতে দেখার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রেমের জল্পনা তুঙ্গে ওঠে। তবে এসব ভুয়া খবর ও গুজবে ক্ষোভ প্রকাশ করে নেটিজেন ও সংবাদমাধ্যমকে কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে। দুজনকে প্রায় একই সময়ে সেই ক্যাফে থেকে বের হতে দেখা গেলে ইন্টারনেটে মুহূর্তের মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই ভক্তদের একাংশ দাবি করতে থাকেন যে ম্রুণাল ও ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার যশস্বী প্রেম করছেন। ইন্টারনেটে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ম্রুণাল ঠাকুর কি তার চেয়ে ৯ বছরের ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ডেটিং করছেন?’

এই ধরনের মনগড়া খবরে চরম বিরক্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘরে সরাসরি প্রতিক্রিয়া জানান ম্রুণাল ঠাকুর। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘ভাই, একটু শান্ত হন! আমরা কোথায় একসঙ্গে ছিলাম? আপনারা এত পড়াশোনা করা মানুষ হয়েও কীভাবে এমন একটা ভুয়া খবরকে সত্যি বলে বিশ্বাস করছেন?’



নিজের মন্তব্যে থামেননি ম্রুণাল। দেশজুড়ে চলা গুরুতর বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে কত কিছু ঘটছে। জেন-জি (নতুন প্রজন্ম) থেকে কিছু শিখুন আর আসল বিষয়গুলো নিয়ে ভিডিও বানান, তাতে ভিউ আরও অনেক বেশি পাবেন।’

প্রিয় অভিনেত্রীর এমন স্পষ্ট ও সাহসী জবাবে সায় দিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও। কমেন্ট সেকশনে ম্রুণালের সমর্থনে অনেকেই মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘কেন এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে?’ অন্য একজন প্রশ্ন তুলে লেখেন, ‘একই দিনে দুইজন মানুষ কি একটি রেস্তোরাঁতে যেতেও পারেন না?’ আর এক নেটিজেন রসিকতা করে মন্তব্য করেন, ‘এই খবরটা যে রটেছে, তা কি ম্রুণাল ঠাকুর নিজে জানেন?’

উল্লেখ্য, তারকাদের সঙ্গে ম্রুণাল ঠাকুরের প্রেমের জল্পনা এবারই প্রথম নয়। এর আগে দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল এবং ২০২৬ সালে তারা বিয়ে করছেন বলেও খবর প্রকাশিত হয়। তবে পরবর্তীতে দুই শিল্পীই সেই খবর পুরোপুরি প্রত্যাখ্যান করেছিলেন।

অন্যদিকে, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ও প্রতিভাবান তরুণ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই তারকা।

সূত্র: এনডিটিভি

এসএ/এসএন


মন্তব্য করুন