এক দশক পূর্ণ করল বিশ্বখ্যাত কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’
ছবি: সংগৃহীত
১১:৩৮ এএম | ০৯ আগস্ট, ২০২৬
সঙ্গীত জগতে এক দশক পূর্ণ করল বিশ্বখ্যাত কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’। পথচলার ১০ বছর উদযাপনে ভক্তদের জন্য বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াইজি এন্টারটেইনমেন্ট’।
তবে কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও শনিবারের (৮ আগস্ট) ওই আয়োজনে মাত্র ৪০ জন অনুরাগী অংশ নেওয়ার সুযোগ পাবেন—এমন ঘোষণায় ভক্তদের মাঝে তীব্র অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছে।

ওয়াইজি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশক ধরে ব্যান্ডটিকে সমর্থন দেওয়া অনুরাগী বা ‘ব্লিংক’দের ধন্যবাদ জানাতেই এই উদ্যাপনমূলক অনুষ্ঠানের আয়োজন। তবে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে মাত্র ৪০ জনের সীমাবদ্ধতা থাকায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছে। ভক্তদের মতে, আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি ব্যান্ডের ১০ বছর পূর্তির আয়োজনে এই সংখ্যা অত্যন্ত অপ্রতুল।
আয়োজনের আকার নিয়ে বিতর্ক চললেও মাইলফলক ছোঁয়ার এই বিশেষ দিনে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা শেয়ার করেছেন ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় সদস্য জেনি। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে দেখতে দেখতে ১০ বছর কেটে গেল। এই দীর্ঘ যাত্রায় আমি বুঝেছি, সবসময় এমন কিছু মানুষ ছিলেন যারা আমাকে বিশ্বাস করেছেন এবং উৎসাহ দিয়েছেন। তাদের এই ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।’
এক সময়ের দেখা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করার জন্য অনুরাগী ও সহসদস্যদের প্রতিও ধন্যবাদ জানান এই কে-পপ তারকা। ব্যান্ডের বাকি তিন সদস্য—জিসু, রোজে ও লিসার কথা উল্লেখ করে জেনি বলেন, ‘১০ বছর পর ধন্যবাদ কথাটি আগের চেয়ে অনেক বেশি অর্থবহ মনে হচ্ছে। সুন্দর এই পথচলায় আমার সঙ্গ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
এসএ/টিএ