দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরতে পারেন তাসকিন রহমান
ছবি: সংগৃহীত
১২:০৫ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেতা তাসকিন রহমানের। প্রথম সিনেমাতেই তার অভিনয় ব্যাপক নজর কাড়ে দর্শকের। এরপর বেশ কয়েকটি সিনেমা করলেও যেন নীরবে হারিয়ে যান এই অভিনেতা। একপর্যায়ে শোনা যায়, চোখের অসুখে ভুগছেন তিনি। চলে যান অস্ট্রেলিয়া।
দীর্ঘদিন পর শোনা গেল, নতুন চলচ্চিত্র নিয়ে কথা-বার্তা হচ্ছে অভিনেতার সঙ্গে। সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে অভিনেতা তাসকিন রহমানের পর্দায় ফেরার বিষয়টি।
জানা গেছে, দেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র ‘লিম্বো’ তে অভিনয় করতে পারেন তাসকিন। এটি নির্মাণ করবেন পরিচালক তানিম রহমান অংশু। বিষয়টি নিয়ে কথা হয় এই পরিচালকের সঙ্গে।

তানিম রহমান অংশু জানালেন, চলতি বছরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। শিগগিরই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে।
তাসকিনের চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে কথা হয় পরিচালক তানিম রহমান অংশুর সঙ্গে। ঢাকা পোস্টকে নির্মাতা বলেন, তাসকিনের সঙ্গে আমার নতুন সিনেমা ‘লিম্বো’ নিয়ে কথা হয়েছে। কিন্তু, কাজ করতে পারবেন কি না, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। বর্তমানে অংশু অস্ট্রেলিয়াতে আছে, তার চিকিৎসা চলছে। তাসকিনের সুস্থতা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না; পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।
উল্লেখ্য, অভিনেতা তাসকিন রহমানকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যাসিনো’ সিনেমায় দেখা গেলেও সেটির দৃশ্যধারণ হয়েছিল বেশ কয়েক বছর আগে। এদিকে ‘লিম্বো’ সিনেমাটির মাধ্যমে প্রায় সাত বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন তানিম রহমান অংশু।
এসএ/এসএন