© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

শেয়ার করুন:
ফের বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৬ পিএম | ১১ আগস্ট, ২০২৬
২০২৩ সালের ৭ নভেম্বর দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’। তখন নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি অভিনয়শিল্পী সোহানা সাবা। সেই প্রেম যে শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে, এত দিন পর নিজেই তা জানিয়েছেন এই অভিনেত্রী।

সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সাবা জানিয়েছেন, দেড় বছরেরও বেশি সময় আগে তাঁদের বিয়ে হয়েছে। তবে বিয়ের সঠিক দিন-তারিখ প্রকাশ করতে চাননি তিনি।



নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। পরে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেন এই অভিনয়শিল্পী। এরই মধ্যে ফয়সালের সঙ্গে তাঁর পরিচয় হয়।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। দীর্ঘ এই সম্পর্কের পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। নিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বিয়ের পর কেমন কাটছে জীবন, এ প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

স্বামীর পরিচয় নিয়ে শুরুতে মুখ খুলতে চাননি সাবা। শুধু জানিয়েছিলেন, তাঁর স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং নিজের অঙ্গনে তিনি পরিচিত। পরে কথার এক পর্যায়ে তাঁর নাম ফয়সাল বলে জানান। তবে স্বামীর বিষয়ে এর বেশি কিছু জানাতে চাননি এই অভিনেত্রী।

ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু এবং বিয়ের সিদ্ধান্তের প্রসঙ্গেও নিজের অনুভূতির কথা জানিয়েছেন সোহানা সাবা। তাঁর ভাষায়, ‘মনে হয়েছে, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে “হ্যাঁ” বলেছি।’

সাবার নতুন জীবনের খবর তাঁর ছেলে ইতিবাচকভাবেই নিয়েছে। মায়ের নতুন জীবনসঙ্গীকে তাঁর ছেলে পছন্দ করেছে এবং বিয়ের খবরেও সে বেশ খুশি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও যাত্রা শুরু করেন সোহানা সাবা। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু হলেও মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এগিয়ে ছিল। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।

এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। ভারতের চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। সেখানকার ‘ষড়্‌রিপু’ ও ‘এপার–ওপার’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি আরও একটি নাম ঠিক না হওয়া সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ প্রেমের পর নতুন জীবনে পা রাখার খবর এত দিন ব্যক্তিগতই রেখেছিলেন সোহানা সাবা। এবার নিজেই সেই খবর প্রকাশ করায় তাঁর ব্যক্তিজীবন নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের কৌতূহলেরও অবসান হলো।

আরআই/টিএ

মন্তব্য করুন