© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ বছর পর ‘কাভি আলবিদা না কেহনা’র ভুল স্বীকার করলেন করণ জোহর

শেয়ার করুন:
২০ বছর পর ‘কাভি আলবিদা না কেহনা’র ভুল স্বীকার করলেন করণ জোহর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ১২ আগস্ট, ২০২৬
২০০৬ সালে মুক্তি পাওয়া তারকাখচিত সিনেমা ‘কাভি আলবিদা না কেহনা’ নিয়ে দুই দশক পর পুরনো অভিজ্ঞতা ও নির্মাণের ভুলের কথা প্রকাশ করলেন পরিচালক করণ জোহর।

শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, প্রীতি জিনতা ও অমিতাভ বচ্চন অভিনীত সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। এবার সিনেমাটির ২০ বছর পূর্তির আগে ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে সেই সময়ের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন করণ।



একটি প্রিভিউ শোর স্মৃতিচারণ করে তিনি জানান, সিনেমায় শাহরুখ ও রানি মুখার্জির চরিত্রের ঘনিষ্ঠ দৃশ্য দেখে এক দম্পতি এতটাই বিরক্ত হন যে সিনেমা শেষ হওয়ার আগেই হল ছেড়ে চলে যান। বিষয়টি তাকে বেশ আঘাত করেছিল।

আরেক ঘটনায় এক মা তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে এসে হতাশ হন। করণের আগের সিনেমার মতো গান ও পারিবারিক সম্পর্কের গল্প আশা করলেও ‘কাভি আলবিদা না কেহনা’-র গল্প দেখে তিনি ক্ষুব্ধ হন।

দুই দশক পর নিজের সিনেমার দিকে ফিরে তাকিয়ে করণ স্বীকার করেছেন, ছবিটির দৈর্ঘ্য কিছুটা বেশি ছিল এবং গান ও সেট নির্মাণে অতিরিক্ত আড়ম্বর করা হয়েছিল।

তবে বিবাহবহির্ভূত সম্পর্ককে সমর্থন করার অভিযোগ অস্বীকার করে করণ বলেন, তার উদ্দেশ্য ছিল এমন সম্পর্কের পরিণতি তুলে ধরা। তার মতে, দাম্পত্যের বাইরে ভালোবাসা বা শারীরিক আকর্ষণ শুধু দুজন মানুষের জীবন নয়, পুরো একটি পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।

এসএন 

মন্তব্য করুন