© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেনস্তার অভিযোগে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের গায়কের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
হেনস্তার অভিযোগে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের গায়কের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ১২ আগস্ট, ২০২৬
অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের গায়ক রাহুল সিপ্লিগুঞ্জের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বিয়েসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক তরুণীকে হুমকি ও হয়রানির অভিযোগে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এমভিপি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি-নাইন তেলুগুর প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় রাহুলসহ মোট ১২ জনের নাম রয়েছে।

অভিযোগকারী তরুণীর দাবি, কার্পুরাপু রাহুল রেড্ডি নামে এক ব্যক্তি বিয়ের কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শুরুতে ওই ব্যক্তি নিজেকে রাহুল সিপ্লিগুঞ্জের আত্মীয় হিসেবে পরিচয় দেন। পরে তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে জটিলতা তৈরি হয়।

এতে তাঁর সম্মান ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তরুণীর আরো অভিযোগ, রাহুল সিপ্লিগুঞ্জও তাঁকে হুমকি দিয়েছেন এবং জোর করে একটি ভিডিও বক্তব্য রেকর্ড করিয়েছেন। তবে ওই ভিডিওতে কী বক্তব্য দেওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।



অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। মামলায় ব্ল্যাকমেইল, হুমকি ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। তবে রাহুল সিপ্লিগুঞ্জের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন। এ বিষয়ে তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তেলুগু সংগীতাঙ্গনের পরিচিত মুখ রাহুল সিপ্লিগুঞ্জ শুরুতে ইউটিউবে স্বাধীনভাবে গান প্রকাশ করে পরিচিতি পান।

পরে এসএস রাজামৌলির আলোচিত সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানে কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। এম এম কীরাবানীর সুর ও চন্দ্রবোসের কথায় তৈরি গানটিতে রাহুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কালা ভৈরব ও কীরাবানী। ২০২৩ সালে ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের পুরস্কার জিতে অস্কারের মঞ্চে ইতিহাস তৈরি করে। অস্কারজয়ের পর তেলেঙ্গানা সরকার রাহুলকে এক কোটি রুপি পুরস্কারও দেয়। পরে ‘বিগ বস তেলুগু ৩’-এ অংশ নিয়ে বিজয়ী হন এই গায়ক।

ব্যক্তিজীবনেও সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন রাহুল। ২০২৫ সালের আগস্টে হরিণ্যা রেড্ডির সঙ্গে তাঁর বাগদান হয়। একই বছরের নভেম্বরে তাঁদের বিয়ে হয়। সংগীতের জগতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন রাহুল। সম্প্রতি পাওয়ান কল্যাণের ‘হরি হরা বীরা মাল্লু : পার্ট ১’ এবং মহেশ বাবুর ‘গুন্টুর কারাম’ সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

এসএ/এসএন

মন্তব্য করুন