© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

শেয়ার করুন:
হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
অভিনয়ের ব্যস্ততায় বছরের বেশির ভাগ সময়ই শুটিং সেটে কাটে অভিনেত্রী সাফা কবিরের। তবে কাজের বাইরে নিজের জন্য সময় বের করে ভ্রমণে যেতে পছন্দ করেন তিনি। গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অলবানি শহরে তুষারপাত দেখে শৈশবের স্বপ্ন পূরণ করেছিলেন এই অভিনেত্রী। প্রায় দেড় বছর পর এবার আবারও যুক্তরাষ্ট্রে গেছেন সাফা। তবে এবার শীত নয়, গ্রীষ্মকাল বেছে নিয়েছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর। এরই মধ্যে ঘুরে দেখেছেন হলিউড, সান্তা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরিসহ লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু দর্শনীয় স্থান।



কদিন আগে হঠাৎ ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে হলিউডে থাকার খবর জানান সাফা। ছবিটি পুরোনো নাকি সাম্প্রতিক— এমন প্রশ্নও ওঠে অনেকের মনে। বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানান, তিনি বর্তমানে হলিউডের কাছেই অবস্থান করছেন। লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর থেকেই তার ইচ্ছা ছিল শহরের সেরা পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার। সেই প্রস্তুতি নিয়েই দেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি।

হলিউডে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে সাফা বলেন, 'শৈশব থেকেই হলিউডের নাম শুনে বড় হয়েছি। তাই বিখ্যাত হলিউড সাইনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্তটি আমার কাছে বিশেষ ছিল। জায়গাটি খুব ভালো লেগেছে। সেখান থেকে লস অ্যাঞ্জেলেস শহরের দারুণ একটি দৃশ্যও দেখা যায়। পুরো বিষয়টি আমার কাছে বেশ উপভোগ্য ছিল।'



তবে ভ্রমণের প্রতি সাফার ভালোবাসা নতুন নয়। একটা সময় টানা শুটিংয়ে ব্যস্ত থাকায় নিজের জন্য তেমন সময়ই বের করতে পারতেন না। অনেকের অনুরোধে একের পর এক কাজে যুক্ত হতে হয়েছে তাকে। ফলে শুটিংয়ের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গা কিংবা বিদেশে গেলেও সেভাবে ঘোরার সুযোগ হতো না। সেই আফসোস থেকেই এখন নিজের জন্য সময় বের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সাফার ভাষায়, শুটিং করতে গিয়ে প্রচুর জায়গায় যাওয়া হয়, কিন্তু তখন কাজের ব্যস্ততা থাকায় ইচ্ছামতো ঘোরা সম্ভব হয় না। তাই এখন কখনো কখনো কাজকে ‘না’ বলে নিজের মতো করে ঘুরতে বেরিয়ে পড়েন। নতুন পরিবেশ, সংস্কৃতি ও দেশ সম্পর্কে জানতে ভালো লাগে তার। প্রতিবছরই সময় করে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

এসএ/টিএ

মন্তব্য করুন