© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল মাজারে হঠাৎ উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী

শেয়ার করুন:
শাহজালাল মাজারে হঠাৎ উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অভিনেতাকে এক ব্যক্তির সঙ্গে উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। একই সময়ে ওই ব্যক্তিকেও উত্তেজিত অবস্থায় দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য তাকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটি শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় ঘটেছে। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ঘটনার বিষয়ে অভিনেতা সমু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে জানতে চাওয়ার পর ফোনটি কেটে দেন এই অভিনেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল বেশি। এর মধ্যেই সমু চৌধুরীকে ঘিরে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

অভিনেতার এমন আচরণের ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ ঘটনার কারণ জানতে চাইছেন, আবার কেউ অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে গত বছরের ১২ জুনও সমু চৌধুরীকে নিয়ে এমন একটি ঘটনা আলোচনায় এসেছিল। ওই সময় ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পরে তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছিল। সেই ঘটনার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিনয়জীবনে সমু চৌধুরী বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবন ও আচরণ ঘিরে প্রকাশ্যে আসা বিভিন্ন ঘটনায় তাকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হচ্ছে।

এসএ/এসএন

মন্তব্য করুন