© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কে জড়ানো সেই 'টক্সিক' কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল

শেয়ার করুন:
বিতর্কে জড়ানো সেই 'টক্সিক' কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ২১ আগস্ট, ২০২৬
কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় আসার জন্য চূড়ান্ত অনুমতি পেয়েছে। সহিংসতা ও বিতর্কিত দৃশ্য থাকার সত্ত্বেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য কাটা ছাড়াই সিনেমাটিকে 'এ' (প্রাপ্তবয়স্কদের জন্য) গ্রেড দিয়ে সেন্সর ছাড়পত্র দিয়েছে। 

আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিবিএফসির দেওয়া তথ্য অনুযায়ী, ৩ ঘণ্টা ১২ মিনিট দীর্ঘ এই কন্নড়-ইংরেজি দ্বিভাষিক সিনেমাটিতে কোনো মূল দৃশ্য কর্তন করা হয়নি। 



তবে বোর্ড কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট বা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী ইংরেজি সাবটাইটেলও সংশোধন করতে বলেছে। এছাড়া সিনেমা জুড়ে যথারীতি ধূমপান ও মদ্যপানবিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সিনেমাটিতে থাকা অত্যধিক সহিংসতা, যৌনতা ও সংবেদনশীল দৃশ্য নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা-বিতর্ক চলছে। যুক্তরাজ্যেও সিনেমাটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হয়েছে।

সিনেমাটি যে শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি, সে কথা বারবার স্পষ্ট করেছেন যশ নিজেও। ভারতীয় একটি টকশোতে হাজির হয়ে অভিনেতা তার সিনেমার ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ উল্লেখ করে জানান, শিশুরা সিনেমাটি হলে দেখতে পারবে না, তাদের ঘরেই থাকা উচিত। কারণ এটি শিশুদের জন্য তৈরি করা হয়নি। 

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত। সব বিতর্ক ও কৌতূহল সঙ্গী করে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে নামছে সিনেমাটি।

এসএ/টিএ


মন্তব্য করুন