এমবাপেকে নিয়ে মরিনহোর বড় প্রত্যাশা, চান শিরোপা
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
তারকাখচিত রেয়াল মাদ্রিদের আক্রমণের প্রাণ কিলিয়ান এমবাপের নতুন মৌসুমের শুরুটা হয়েছে দারুণ। দলের দ্বিতীয় ম্যাচেই ফরাসি তারকা করেছেন হ্যাটট্রিক। লা লিগার গত দুই আসরের সর্বোচ্চ গোলদাতার কাছে জোসে মরিনিয়োর প্রত্যাশা বিপুল। আর সেটা কেবল গোলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এমবাপের কাছ থেকে শিরোপা জেতানো পারফরম্যান্স দেখতে চান তিনি।
পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়ার পর গোল করেই যাচ্ছেন ফ্রান্স অধিনায়ক। লা লিগায় গত মৌসুমে তিনি করেন ২৫ গোল, আগেরবার ৩১ গোল। তবে গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রেয়াল। এবার দলকে কক্ষপথে ফেরাতে উন্মুখ মরিনিয়ো।
মৌসুমের শুরুটা যেমন হলো, তাতে এবার কী ৬০ গোল করতে পারবেন এমবাপে? ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারকা ফরোয়ার্ডের কাছে নিজের প্রত্যাশার কথা বললেন পর্তুগিজ কোচ।

“কিলিয়ান সত্যিকারের অবিশ্বাস্য এক খেলোয়াড়। সে ৬০, ৫০ নাকি ৪০ গোল করবে, আমি বলতে পারব না। তবে আমি তার কাছ থেকে শিরোপাশূন্য ৬০ গোলের চেয়ে চাইব শিরোপাসহ ৪০ গোল। ফরোয়ার্ডদের ক্ষেত্রে যা প্রায়ই ঘটে, নিজের জন্য খেলে ৬০ গোলের চেয়ে আমি চাইব, দলের জন্য প্রচুর খেটে ৪০ গোল।
“তাকে নিয়ে আমি খুশি। টেকনিক্যাল দিক থেকে অবশ্যই বলার কিছু নেই, তবে দলের বেড়ে ওঠায় সাহায্য করা, দায়িত্ব নেওয়া, পরিশ্রম করার দিক থেকে… সে (ফেরার নির্ধারিত তারিখের) দুই দিন আগেই দলে যোগ দেয়, প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে এটা ইতিবাচক ব্যাপার।”
স্রেফ তিন আসরে খেলেই বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন কিলিয়ান এমবাপে। ২২ ম্যাচ খেলে করেছেন ২২ গোল। ফ্রান্সের হয়ে দারুণ সফল এই ফরোয়ার্ড যে রেয়ালেও সাফল্য পাবেন, তা নিয়ে কোনো সংশয় নেই মরিনিয়োর।
“আমি খুব খুশি যে, সে (বিশ্বকাপে) ইতিহাস গড়েছে। কারণ, বিশ্বকাপ জিততে পারে ২৬ জন খেলোয়াড়, কিন্তু একজনই অমর হয়- যে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করে। সে এই ইতিহাস গড়েছে। তবে আমি তার মাঝে রেয়াল মাদ্রিদের হয়েও ইতিহাস গড়ার তীব্র ক্ষুধা দেখি।”
এমআই/টিএ