কর্মক্ষেত্রে সিগারেটের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লেন নারী
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ২৮ আগস্ট, ২০২৬
বেঙ্গালুরুতে কর্মক্ষেত্রে সিগারেটের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছেড়েছেন এক নারী। জাহ্ণবী চাভাদা নামের ওই কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের পদত্যাগপত্রের একটি স্ক্রিনশট শেয়ার করার পর ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে। তাঁর পোস্টটি ৫৬ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।
পোস্টের সঙ্গে পদত্যাগপত্রের স্ক্রিনশট শেয়ার করে জাহ্ণবী লেখেন, 'গতকাল চাকরি থেকে পদত্যাগ করেছি।'
পদত্যাগপত্রে তিনি জানান, কোম্পানিতে তাঁর শেষ কর্মদিবস ২৫ আগস্ট, ২০২৬। চাকরি ছাড়ার কারণ হিসেবে তিনি অফিসে সিগারেটের গন্ধ ও ধোঁয়ার কারণে সৃষ্ট অসহনীয় পরিস্থিতির কথা উল্লেখ করেন।
জাহ্ণবী বলেন, তিনি সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারেন না। কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তাঁর ভাষ্য, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দায় শুধু তাঁর নয়।
পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেকেই জানতে চান, অফিসের কোন জায়গায় ধূমপান করা হতো। এর জবাবে জাহ্ণবী জানান, কিছু কর্মী প্যান্ট্রি রুম ও ডাইনিং এলাকায় ধূমপান করতেন। ধূমপানের পর তাঁদের কেউ কেউ এসে তাঁর পাশেও বসতেন।
এ ছাড়া তিনি যেখানে কাজ করতেন, সেই লবিতেও সিগারেটের ধোঁয়া ছড়িয়ে পড়ত বলে জানান। ধোঁয়া থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করেও কোনো উপকার পাননি তিনি।
জাহ্ণবীর এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেক ব্যবহারকারী নিজেদের একই ধরনের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।
এক ব্যবহারকারী জানান, তাঁর কর্মক্ষেত্রেও একই ধরনের সমস্যা ছিল। তবে বিষয়টি ম্যানেজারকে জানানোর পর কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় পরিস্থিতির সমাধান হয়।
অন্যদিকে, অনেকেই জাহ্ণবীর সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, চাকরির চেয়ে নিজের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ। কেউ কেউ তাঁর পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন।
ঘটনাটি কর্মক্ষেত্রে ধূমপান নিয়ন্ত্রণ, সহকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এমআই/টিএ