৭ বছরের সম্পর্কের ইতি টানলেন নিকোল ও থম ইভান্স
ছবি: সংগৃহীত
০৬:২৬ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
দীর্ঘ সাত বছরের সম্পর্কের ইতি টেনেছেন মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার ও সাবেক স্কটিশ রাগবি খেলোয়াড় থম ইভান্স। তাদের বাগদানও ভেঙে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন থম নিজেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় থম লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, নিকোল ও আমি আর একসঙ্গে নেই।’
সম্পর্কের সাত বছরের স্মৃতির কথা উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘ভালোবাসা, প্রতিশ্রুতি এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কাটানো সাত বছরের পর এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন।’

থমের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, নিকোলের সিদ্ধান্তেই তাদের সম্পর্কের ইতি ঘটেছে।
তিনি বলেন, বিচ্ছেদটি তার প্রত্যাশিত ছিল না। তবে নিকোলের সিদ্ধান্তকে সম্মান করেন এবং তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানান।
তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি থম। এ বিষয়ে নিকোলও এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
যেভাবে পরিচয় ও প্রেম
২০১৯ সালে ‘দ্য এক্স ফ্যাক্টর’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় হয় নিকোল ও থমের। ওই অনুষ্ঠানে নিকোল বিচারকের দায়িত্বে ছিলেন, আর থম প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২০ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবসের একটি অনুষ্ঠানের পর প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাদের। এরপর করোনাকালেও একসঙ্গে সময় কাটিয়েছেন এই জুটি।
২০২৩ সালের জুনে পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে নিকোলকে বিয়ের প্রস্তাব দেন থম। পরে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও পরিকল্পনা করেছিলেন তারা। নিকোলের ইচ্ছা ছিল, নিজের জন্মস্থান হাওয়াইয়ে বিয়ের আয়োজন করবেন। এরপর ইউরোপে আরেকটি সংবর্ধনার পরিকল্পনাও ছিল।
সন্তান নেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন নিকোল
বিয়ের পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন নিকোল। ২০২৪ সালে ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সন্তান নেওয়ার জন্য নিজের ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করতে হবে। মা হওয়ার জন্য তিনি অপেক্ষা করতে পারছেন না বলেও জানিয়েছিলেন।
থমের সঙ্গে সম্পর্কের আগে আরো কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিকোল। রক ব্যান্ড ৩১১-এর গায়ক নিক হেক্সামের সঙ্গে তার বাগদান হয়েছিল। এ ছাড়া ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের সঙ্গে প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে বুলগেরিয়ান টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভের সঙ্গেও প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন এই গায়িকা।
এমআর/