© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্ঘটনার পর ‘চক্র’ দিয়ে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী মেঘলা মুক্তা

শেয়ার করুন:
দুর্ঘটনার পর ‘চক্র’ দিয়ে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী মেঘলা মুক্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অভিনয়ে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল অভিনেত্রী মেঘলা মুক্তার। নিজের ক্যারিয়ার নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তবে শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন। ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন মেঘলা মুক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।

কাজে ফেরার অনুভূতি জানিয়ে মেঘলা মুক্তা বলেন, ‘কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারব। সত্যি বলতে, আমি নিজেও ভাবিনি। যারা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তাদের কেউ আমার অবস্থা দেখে ভয় পেয়েছেন, কেউ সাহস দিয়েছেন। কেউ হয়তো ভেবেছেন, আমার ক্যারিয়ার এখানেই শেষ, কেউ ভেবেছেন আগের মতো আর কখনোই ফিরতে পারব না। এমনকি পরিবারের মধ্যেও শঙ্কা ছিল, আমি আবার আগের সেই মেঘলা হয়ে উঠতে পারব কি না।’



দুর্ঘটনার পর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় ছিলেন এই অভিনেত্রী। তবে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তার কথায়, ‘অ্যাক্সিডেন্টের পর একটা সময় আমিও বুঝতে পারছিলাম না, সামনে কী অপেক্ষা করছে। কিন্তু ধীরে ধীরে যখন নিজের শক্তি, সামর্থ্য আর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলাম, তখন নিজেকেই বলেছি না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমাকে কামব্যাক করতে হবে।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘সবার আগে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমাকে এত দ্রুত সুস্থতার পথে এগিয়ে নেওয়ার জন্য। আমি এখনো পুরোপুরি সুস্থ নই, এখনো অনেকটা রিকভারি বাকি। কিন্তু এত দ্রুত কাজে ফিরতে পারাটা আমার মানসিক শক্তি আর আত্মবিশ্বাসকে যে কতটা বাড়িয়ে দিয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

‘চক্র’র পরিচালক ভিকি জাহেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেঘলা। দুর্ঘটনার পর একপর্যায়ে নিজেই কাজ থেকে বাদ দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে পরিচালক তাকে বাদ দিতে চাননি। এ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ডিরেক্টরকে। একটা সময় নিজেই বলেছিলাম, আমাকে বাদ দিয়ে দিতে। কিন্তু উনি মেঘলাকে বাদ দিতে চাননি। এই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
 
শেষে বলেন, ‘২০২৬ আমার জীবনের অন্যতম বড় একটা শিক্ষা। এই বছর আমাকে অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার নিজেকে নতুন করে চিনিয়েছেও। জীবনের এই অধ্যায়টা হয়তো সহজ ছিল না, কিন্তু আমাকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করেছে। আর মাত্র একটা মাস। চাই, জীবনের এই কঠিন বছরটা সুন্দরভাবে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে।’

এমআর/ 


মন্তব্য করুন