‘আমি সহজে ভয় পাই না’, কড়া বার্তা অভিনেত্রী বাঁধনের
ছবি: সংগৃহীত
০৬:৩৮ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত ২৭ অক্টোবর থেকে তার অ্যাকাউন্টটি সীমাবদ্ধ (রেস্ট্রিক্টেড) ছিল। নিজের তথ্য ও অ্যাকাউন্ট পর্যালোচনার পর আবারও প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে ফেসবুক।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি যারা তাকে ভয় দেখানো বা চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘আমি ফিরে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’

এরপর অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, গত ২৭ অক্টোবর তার প্রকাশ্য ভেরিফায়েড অ্যাকাউন্টটি সীমাবদ্ধ করা হয়েছিল। তবে তার দেওয়া তথ্য ও অ্যাকাউন্ট পর্যালোচনার পর ফেসবুক আবারও প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে। তাই তিনি আবারও ফিরে এসেছেন।
সুখবর হিসেবে তিনি শেয়ার করেছেন একটি সংবাদ। ইতালিতে তার ওপর যে হামলা হয়েছিল তার সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, অভিযুক্ত তিনজনের বাড়িতে তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে।
যারা এসব কৌশলের মাধ্যমে তাকে চুপ করিয়ে দিতে, ভয় দেখাতে কিংবা হারিয়ে দিতে চেয়েছিলেন, তাদের উদ্দেশে বাঁধন লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি কী দিয়ে তৈরি, জীবনে কত কিছু পার করে এসেছি কিংবা নিজের অবস্থানে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি, সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আমি সহজে ভয় পাই না। কেউ চাইলেই আমি হারিয়ে যাব না।’
পোস্টের শেষাংশে আবারও ফেসবুকে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, এবার হাসির কারণও তার কাছে আরও বেশি।
উল্লেখ্য, সম্প্রতি ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন আজমেরী হক বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও ও বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। এর মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবর জানালেন অভিনেত্রী।
এমআর/