পাকিস্তান ক্রিকেটে অস্থিরতাবাদ পড়লেন সাত ক্রিকেটার, নির্বাচকের পদত্যাগ
ছবি: সংগৃহীত
০৪:৩৭ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৬
ইংল্যান্ড সফরের মাঝপথেই পাকিস্তান টেস্ট দলে নজিরবিহীন পরিবর্তনের জেরে পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। একই সঙ্গে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির ব্যাটিং পরামর্শকের ভূমিকা থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পিসিবি এখনও তার পদত্যাগপত্র গ্রহণ করেনি বলে জানাচ্ছে ইএসপিএন ক্রিকইনফো।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ২টিতে হেরে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। লর্ডস টেস্টে দলটি ১৯৪ রানে হেরে যাওয়ার পর এই বিশৃঙ্খলার সূত্রপাত।
তৃতীয় টেস্টের আগে স্কোয়াড থেকে একযোগে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমেল জামাল, আওয়াইস জাফর এবং খুররম শাহজাদকে।
বাদ পড়া ক্রিকেটারদের স্থলাভিষিক্ত হিসেবে সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজালের পাশাপাশি দলে নেওয়া হয়েছে ৫ জন নতুন অনভিজ্ঞ খেলোয়াড়কে। এই পাঁচ ক্রিকেটার হলেন- আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া এবং রেজাউল্লাহ।
এদিকে প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের স্থানে সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসন এবং অ্যাশলে নোফকেকে আপাতত টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি বছরের মার্চ মাসেই আকিব জাভেদ, সরফরাজ আহমেদ এবং আসাদ শফিকের পাশাপাশি চার সদস্যের নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল মিসবাহকে। তবে আকস্মিক এই বড় ধরনের পরিবর্তনের পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
আরআই/টিএ