প্রথম জুটিতেই বাজিমাত তৌসিফ-সাদনিমার, দুই দিনে ৭০ লাখ ভিউ!
ছবি: সংগৃহীত
০৩:৪৭ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এক যুগেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন তৌসিফ মাহবুব। জনপ্রিয় অভিনেত্রীদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নতুন মুখের সঙ্গেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।
এবার নতুন জুটি হিসেবে সাদনিমা বিনতে নোমানের সঙ্গে পর্দায় হাজির হয়েছেন তিনি। আর প্রথম নাটকেই সাড়া ফেলেছে এই জুটি।
সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে তৌসিফ-সাদনিমা অভিনীত নাটক ‘আপন পর’। রুবেল হাসান পরিচালিত নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
মুক্তির একদিনেই নাটকটি ৫৮ লাখেরও বেশি দর্শক দেখেছেন বলে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দিনে নাটকটির দর্শকসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০ লাখে! এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবের হিসাবে ৬৯ লাখ ৮৬ হাজারেরও বেশি দর্শক নাটকটি দেখেছেন। পাশাপাশি নাটকটিতে লাইক পড়েছে ৬৮ হাজারের বেশি, আর মন্তব্য জমা পড়েছে প্রায় তিন হাজার।

নাটকটি দেখে দর্শকদের একটি বড় অংশ প্রশংসা করেছেন তৌসিফ ও সাদনিমার অভিনয় এবং জুটি নিয়ে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করছিলেন সেটা দেখে কেঁদে ফেলেছি’। আরেকজন লিখেছেন, ‘তৌসিফ এবং সাদনিমা, দুজনকে বেশ মানিয়েছে’।
নাটকের আবেগঘন গল্পও ছুঁয়ে গেছে অনেক দর্শকের মন। একজন মন্তব্য করেছেন, ‘মা না থাকলে যে কি হয়! পুরো নাটকটা দেখে কান্না করেছি’। আরেক দর্শক লিখেছেন, ‘অসাধারণ নাটক। এতে বুঝা যায়, মায়ের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছেলেরা সব বিসর্জন দিতে পারে’।
মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত ‘আপন পর’ নাটকে তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ আরও অনেকে। প্রথমবারের জুটিতে তৌসিফ-সাদনিমার এমন সাড়া নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের আগ্রহও বাড়িয়ে দিয়েছে।
এসএ/টিএ