লিজির রহস্য নিয়ে নারীকেন্দ্রিক নতুন গল্পে ফিরেছে ‘মনস্টার্স’
ছবি: সংগৃহীত
০৪:৪১ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মার্কিন ইতিহাসের আলোচিত এক হত্যাকাণ্ডের রহস্য নিয়ে নতুন গল্পে ফিরেছে নেটফ্লিক্সের জনপ্রিয় ধারাবাহিক ‘মনস্টার্স’। এবারের কিস্তির কেন্দ্রীয় চরিত্র লিজি বোর্ডেন। ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’ নামের এই মৌসুমে প্রথমবারের মতো সিরিজটির গল্পের কেন্দ্রে থাকছেন একজন নারী।
১৮৯২ সালে নিজের বাবা অ্যান্ড্রু বোর্ডেন ও সৎমা অ্যাবি বোর্ডেনকে কুঠার দিয়ে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছিলেন লিজি। তবে শেষ পর্যন্ত আদালতে খালাস পান তিনি। সেই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আজও পুরোপুরি পরিষ্কার নয়। আর সেই পুরোনো রহস্যই নতুন করে পর্দায় তুলে ধরেছে ‘মনস্টার্স’।
লিজি বোর্ডেনের চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী এলা বেটি। তার বাবা অ্যান্ড্রুর চরিত্রে রয়েছেন চার্লি হানাম এবং সৎমা অ্যাবির চরিত্রে অভিনয় করেছেন রেবেকা হল।
লিজি বোর্ডেনের মামলা বহু বছর ধরে মার্কিন জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে আছে। একটি ছড়ার মাধ্যমে ঘটনাটি মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে গান, বেতার, চলচ্চিত্র, মঞ্চনাটক ও টেলিভিশনেও নানা সময়ে এই হত্যাকাণ্ড উঠে এসেছে।
রেবেকা হল জানান, লিজি বোর্ডেনের নাম ও সেই বিখ্যাত ছড়ার সঙ্গে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন। তবে লিজি হত্যার অভিযোগ থেকে শেষ পর্যন্ত খালাস পেয়েছিলেন এবং ঘটনাটি ঘিরে এত রহস্য রয়েছে, তা তিনি আগে জানতেন না।
‘মনস্টার্স’-এর আগের মৌসুমগুলোতে জেফ্রি ডাহমার, এড গেইন এবং লাইয়েল ও এরিক মেনেন্দেজের মতো পুরুষদের ঘিরে আলোচিত হত্যাকাণ্ড তুলে ধরা হয়েছে। এবার লিজি বোর্ডেনের গল্পের মাধ্যমে সিরিজটি ভিন্ন ধরনের চরিত্র ও সামাজিক বাস্তবতার দিকে নজর দিয়েছে।
পরিচালক ম্যাক্স উইঙ্কলার জানিয়েছেন, ১৮৯০-এর দশকে নারীদের ওপর সামাজিক প্রত্যাশা ছিল অত্যন্ত কঠোর। বিয়ে ও সন্তানধারণকে নারীর জীবনের প্রধান ভূমিকা হিসেবে দেখা হতো। লিজির জীবন সেই প্রচলিত কাঠামোর সঙ্গে কতটা সাংঘর্ষিক ছিল, সেটিও সিরিজে অনুসন্ধান করা হয়েছে।
উইঙ্কলারের ভাষ্য অনুযায়ী, লিজির সামাজিক অবস্থান, হতাশা ও মানসিক চাপের পাশাপাশি নারীর ক্ষোভের ধারণাকেও গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কাউকে জন্মগতভাবে খারাপ হিসেবে দেখানোর বদলে সামাজিক ও ব্যক্তিগত চাপ কীভাবে ধীরে ধীরে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, সেই প্রশ্নও অনুসন্ধান করা হয়েছে।
তবে লিজি বোর্ডেনের প্রকৃত ভূমিকা নিয়ে ঐতিহাসিক রহস্য এখনো রয়ে গেছে। আদালতে হত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন তিনি। ফলে ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’ সেই ঐতিহাসিক ঘটনার নাট্যরূপ, কোনো চূড়ান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত নয়।
বৃহস্পতিবার থেকে নেটফ্লিক্সে ধারাবাহিকটির নতুন মৌসুমের প্রচার শুরু হয়েছে।
এসএ/টিএ