বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
০৯:৫০ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজারের উখিয়া সমুদ্রসৈকতের মাদারবনিয়া ও মনখালী পয়েন্ট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এসব মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উখিয়ার মনখালী সমুদ্রপাড় থেকে দুটি এবং কিছুটা দূরে মাদারবনিয়া পয়েন্ট থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মনখালী সমুদ্রপাড়ে দুটি এবং মাদারবনিয়া পয়েন্টে আরও একটি মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় যে ট্রলারডুবির ঘটনা ঘটেছিল, এসব মরদেহ তারই নিখোঁজ যাত্রীদের হতে পারে।
ওসি বলেন, ওই ট্রলারডুবির ঘটনায় দুইজনের মরদেহ এবং ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ ছিলেন।
উদ্ধার হওয়া তিনজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
এমআর/টিএ