মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে রাতের আঁধারে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৩২ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে রাতের আঁধারে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কড়াইলের টিঅ্যান্ডটি মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ থেকে নতুন করে ৪০ লাখ ডোজ হাম-রুবেলার টিকা নিয়েছে সরকার। হামের প্রকোপ থামাতে সারা দেশে আজ থেকে ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ৬ মাস বয়সী ১০ লাখ শিশু এবং তার উপরে ৫৯ মাস বয়সী পর্যন্ত ২৪ লাখ সর্বমোট ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে চলমান ধাপে।
এসময় মিরপুরের টিকা কেন্দ্রে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, মিরপুরের রাড্ডা টিকা কেন্দ্রে রাতের আঁধারে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত। ডেঙ্গুর পরিস্থিতি আলোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর লার্ভা ধ্বংসের জন্য বিদেশ থেকে ট্যাবলেট এনেছে সরকার। সরকার দায়িত্ব পাওয়ার পর ৪ মাস ধরে ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
আরআই/টিএ