লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানে ১৮২ জন আটক
ছবি: সংগৃহীত
০২:২৪ এএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার থানাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগরে ১৭ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৩ জনকে আটক করে।
কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত করা, মাদক সেবন ও মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
একেএস/টিএ