© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে পেলেন স্বামী, কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে মিলল স্ত্রীর ঠিকানা

শেয়ার করুন:
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে পেলেন স্বামী, কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে মিলল স্ত্রীর ঠিকানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ এএম | ০২ অক্টোবর, ২০২৬
তিন মাস আগে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সাটুরিয়ার এক মানসিকভাবে অসুস্থ নারীকে সিংগাইর থেকে উদ্ধার করেছেন তার স্বামী। কয়েক দিন আগে গোবিন্দল এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক। পরে ওই নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ভিডিওটি দেখে স্ত্রীকে শনাক্ত করেন তার স্বামী। এরপর গত ২৮ সেপ্টেম্বর সিংগাইর থেকে তাকে বাড়িতে নিয়ে যান তিনি।


বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভয়েস অব রবিউল ভাই পেজের কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মানসিকভাবে অসুস্থ ওই নারী। স্ত্রী নিখোঁজ হওয়ার পর তাকে খুজতে আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান তার স্বামী। দীর্ঘদিন খোজ করেও স্ত্রীর সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি।

এদিকে নিখোজ ওই নারী নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। পরে তাকে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশেই অবস্থান করতেন তিনি।

এ সময় ওই নারীকে দেখতে পান স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক। তিনি ‘ভয়েস অব রবিউল ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তার অসহায় অবস্থার কথা তুলে ধরে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একপর্যায়ে তা ওই নারীর স্বামীর নজরে আসে। ভিডিও দেখে তিনি স্ত্রীকে শনাক্ত করেন। পরে পরিচয় ও অবস্থান নিশ্চিত করে গত ২৮ সেপ্টেম্বর সিংগাইরের গোবিন্দল এলাকায় গিয়ে দীর্ঘ প্রায় তিন মাস পর স্ত্রীকে খুজে পান।

সেখানে স্ত্রীকে দেখার পর আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী। দীর্ঘদিন পর স্বামীকে দেখে ওই নারীও তাকে চিনতে পারেন। পরে স্বামী তাকে বুকে জড়িয়ে নেন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজনও আবেগঘন ওই দৃশ্যের সাক্ষী হন।

স্ত্রীকে ফিরে পাওয়ার পর স্বামী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর পরিবারের একজন সদস্যকে ফিরে পাওয়ায় স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

এদিকে, গত ২৯ সেপ্টেম্বর স্বামী-স্ত্রীর ওই পুনর্মিলনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হন। একই সঙ্গে ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের প্রশংসা করেন অনেকে।

কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। তখনই মনে হয়েছিল, যেভাবেই হোক তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই উদ্দেশ্যেই তার বিষয়ে একটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছিলাম। পরে তার স্বামী ভিডিওটি দেখে যোগাযোগ করেন এবং এসে তাকে নিয়ে যান। ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি নিজেও খুব আনন্দিত।

কেএন/টিএ

মন্তব্য করুন