১৩ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৫:১৯ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ গোলদার (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আর মামুন শাহ্ বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার শিক্ষককে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মো. মাছুদ খুলনার ডুমুরিয়া উপজেলার গোদাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্যাতনের শিকার শিক্ষার্থী ওই মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। তার বাড়ি পাশের চরভদ্রাসন উপজেলার একটি গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে মাদ্রাসার শিক্ষক মাছুদের বিরুদ্ধে অভিযোগ করে। সে জানায়, ওই শিক্ষক তাকে একাধিকবার বলাৎকার করেছেন।
বিষয়টি জানার পর শিক্ষার্থীর বাবা ও স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদ্রাসায় গিয়ে শিক্ষক মাছুদকে আটক করেন। এ সময় উত্তেজিত লোকজন তাকে মারধর করে মাদ্রাসার পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক মাছুদকে থানায় নিয়ে যায়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, ওই শিক্ষার্থীকে এর আগেও কয়েকবার বলাৎকার করেছেন বলে অভিযোগ রয়েছে শিক্ষক মাছুদের বিরুদ্ধে। এলাকাবাসী তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাটি সদরপুর থানার আওতাধীন হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে সদরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদ্রাসার মোহতামিম মো. আসলামউদ্দিন বলেন, এক শিক্ষককে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। মাদ্রাসার পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর/টিএ