ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ
ছবি: সংগৃহীত
০৭:০৩ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
দেশকে পূর্বের মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতেই একটি পক্ষ গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম মনি বলেন, দেশে তেল-গ্যাসের সংকট চলছে। তবে সরকারের দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসের মাথায় লং মার্চ করার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা দেশকে আগের মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়।
কিশোর গ্যাং প্রতিরোধের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি। তার অভিযোগ, ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব প্ল্যাটফর্মের বিষয়ে সরকার রাশ টেনে ধরবে বলেও জানান তিনি।
জুলাই আন্দোলনের পর দেশে অশ্লীল শব্দ ব্যবহারের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের এই হুইপ। ভবিষ্যতে অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এ সময় ‘মিষ্টিকে’ বহিষ্কারের প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম মনি বলেন, মিষ্টিকে বহিষ্কারের মধ্য দিয়ে সরকার সবার জন্য একটি কঠিন বার্তা দিতে চায়।
বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন নৈরাজ্যেরও সমালোচনা করেন।
এমআই/টিএ