© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন

শেয়ার করুন:
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
স্বকীয় গল্পভাবনা আর নির্মাণের জন্য খ্যাত মেজবাউর রহমান সুমন। টিভিতে তার পথচলা দীর্ঘদিনের। আর চলচ্চিত্রে এসে ‘হাওয়া’ ও ‘রইদ’ বানিয়ে বাজিমাৎ করেছেন। অনন্য এই নির্মাতা এবার পাচ্ছেন বিশেষ সম্মাননা, ফজলুল হক স্মৃতি পুরস্কার।

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎদের অন্যতম ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রর পরিচালক ফজলুল হকের স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয়। ২০০৪ সালে এর প্রবর্তন করেছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। সেই থেকে প্রতি বছরই চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র সাংবাদিকতায় পুরস্কারটি প্রদান করা হচ্ছে।

এবার চলচ্চিত্র নির্মাণে পাবেন সুমন; আর সাংবাদিকতায় পুরস্কারটি দেওয়া হবে মাহমুদা চৌধুরীকে। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় কাজের মধ্য দিয়ে সাংবাদিকতায় আসেন মাহমুদা চৌধুরী। এরপর অধুনালুপ্ত বিচিত্রায় প্রায় দেড় দশক কাজ করার পর যোগ দেন দৈনিক দিনকালে। সাংবাদিকতার পাশাপাশি দুটি বইও লিখেছেন মাহমুদা চৌধুরী- বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত গবেষণাগ্রন্থ ‘জহির রায়হানের চলচ্চিত্র : সমাজ ভাবনা’ ও ‘নারী : অর্ধেক পৃথিবী’।

এসএ/টিএ

মন্তব্য করুন