© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

শেয়ার করুন:
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
শ্রবণশক্তি হারিয়ে দীর্ঘদিন ধরে সংগীতজগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তার কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা। শারীরিক অসুস্থতার কারণে জনসমক্ষে উপস্থিতিও কমিয়ে দিয়েছিলেন এই গায়িকা। চলতি বছর হুইলচেয়ারে বসা অবস্থায় তার একটি ছবি প্রকাশ্যে আসার পর উদ্বেগ আরও বেড়েছিল। তবে এবার ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও মঞ্চে দেখা যাবে অলকাকে।

পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘কেয়া জামানা থা’-তে অংশ নেবেন তিনি। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে বসবে এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে সম্প্রতি অলকার বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ ঘাই নিজেই। পরিচালকের আমন্ত্রণে আনন্দের সঙ্গে সাড়া দিয়েছেন গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অলকার সঙ্গে সাক্ষাতের কিছু ছবি প্রকাশ করেছেন সুভাষ ঘাই। সেখানে তিনি লিখেছেন, ‘অলকা ইয়াগনিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তার কণ্ঠ, ঔজ্জ্বল্য ও প্রাণশক্তি-সবকিছুতেই সেই পরিচিত জাদু এখনো রয়েছে। গত রাতে তার বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময় বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছি।’

অলকার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, আমন্ত্রণ পেয়ে অলকা উঠে দাঁড়ান। মুখে হাসি নিয়ে জানান, তিনি অনুষ্ঠানে আসবেন। তার এই সম্মতিতে সবাই আনন্দিত হয়েছেন। অলকা যেন সব সময় ভালো থাকেন, সেই প্রত্যাশাও জানিয়েছেন সুভাষ ঘাই।

সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিকের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ দীর্ঘ। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’সহ পরিচালকের একাধিক সিনেমায় গান গেয়েছেন এই সংগীতশিল্পী। তাই চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তির আয়োজনে অলকার উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর কথা নিজেই জানিয়েছিলেন অলকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। এরপর থেকে গান ও নিয়মিত কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন এই শিল্পী।

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, এখনো তাকে নানা শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কাজের প্রস্তাব পেলেও সব সময় তা গ্রহণ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে মঞ্চে ফেরার সম্মতি দিয়েছেন তিনি। ফলে আগামী ১১ ডিসেম্বরের অনুষ্ঠান ঘিরে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে অলকার ভক্ত-অনুরাগীদের মধ্যে।

এসএ/

মন্তব্য করুন