বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলদারত্ব করলে ছাড় নয় : চিফ হুইপ
ছবি: সংগৃহীত
০১:২৪ এএম | ১২ অক্টোবর, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। নির্বাচনে প্রকৃত জনসমর্থন রয়েছে, এমন ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার বিষয়ে দল গুরুত্ব দেবে।
একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারত্ব ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, সাধারণত স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না উল্লেখ করে চিফ হুইপ বলেন, প্রকৃত জনসমর্থন রয়েছে, এমন প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে দল। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগানো হবে।
নুরুল ইসলাম মনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। বিএনপি চায়, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি নির্বাচিত হন।
তৃণমূলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তবে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
আরআই/টিএ