ত্রিদেশীয় সিরিজে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক
ছবি: সংগৃহীত
১২:৫৬ এএম | ১৬ অক্টোবর, ২০২৬
ত্রিদেশীয় সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে আবুধাবিতে হবে এই সিরিজ। এখানে ভালো ফল করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে চায় বাংলাদেশ। দল হিসেবে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য।
আজ টাইগার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন বলেন, ‘২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এই ত্রিদেশীয় সিরিজগুলো জিততে পারলে আমার কাছে মনে হয়, আমরা সামনে অনেক আত্মবিশ্বাস পাব।’
মোসাদ্দেক মনে করেন, ‘আধুনিক ক্রিকেটে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। আধুনিক ক্রিকেটে কোনো দেশ বা দলকেই ছোট বলা যাবে না। সাম্প্রতিক সময়ে সবাই ওয়ানডে ফরম্যাটে খুব ভালো করছে।’

নিজেদের সামর্থ্য প্রমাণের গুরুত্ব তুলে ধরে মোসাদ্দেক আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এখানে আমরা কত ভালো করতে পারি। এশিয়া কাপ কিংবা এশিয়া কাপের পরে বিশ্বকাপে যে চ্যালেঞ্জ আসবে, এই সময়গুলোতে দল হিসেবে ভালো করতে পারলে সেগুলো আমাদের জন্য সহজ হবে।’
দলীয় পারফর্মম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোসাদ্দেক, ‘আমরা যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, সেটা অনেক কিছুই প্রমাণ করে দেবে, আমরা কতটা ভালো দল। সেই জায়গা থেকে আমাদের সবাইকে মিলে প্রমাণ করতে হবে, দল হিসেবে আমরা কত ভালো খেলতে পারছি। ক্রিকেট কোনো ব্যক্তিগত খেলা নয়, এটা পুরোপুরি দলীয় খেলা। তাই দল হিসেবে আমরা কতটা ভালো করতে পারছি, সেটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
এমআর/টিএ