ভিনির নিষেধাজ্ঞা নিয়ে মরিনিও—‘তারা নির্লজ্জভাবে এসব করছে’
ছবি: সংগৃহীত
০২:০১ এএম | ১৬ অক্টোবর, ২০২৬
চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় খেলতে পারবেন না এই তারকা।
গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস। ওই ঘটনার শাস্তি হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে সেভিয়া (১৮ অক্টোবর), বার্সেলোনা (২৫ অক্টোবর), রেসিং সান্তান্দার (১ নভেম্বর) ও ভ্যালেন্সিয়ার (৭ নভেম্বর) বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস।
তবে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে শাস্তির খবরটি প্রকাশ করা হয়। ওই ম্যাচে খেলেছিলেন ভিনিসিয়ুস। রোমার বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে একজন খেলোয়াড়ের চার ম্যাচের নিষেধাজ্ঞার খবর জানা স্বাভাবিক নয়।
মরিনিওর প্রশ্ন, সিদ্ধান্তটি পরদিন সকালে জানানো যেত না? তার মতে, স্প্যানিশ ফুটবলের মর্যাদা ও র্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাওয়া একটি দলের খেলোয়াড়কে এভাবে ম্যাচের আগে নিষেধাজ্ঞার খবর জানানো অনুচিত। সিদ্ধান্ত ঘোষণার সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন তারা নির্লজ্জভাবে এসব করছে।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস। পরে তিনি রিয়ালের দ্বিতীয় গোল করেছেন বলে মনে করেছিলেন। কিন্তু গোলের আগের দৃশ্য ভিডিও সহকারী রেফারির (ভিএআর) মাধ্যমে পর্যালোচনা করেন মাঠের রেফারি। তাতে দেখা যায়, গোল করার আগে ভিনিসিয়ুস সালিবার চুল টেনেছিলেন। এরপর গোল বাতিলের পাশাপাশি তাকে লাল কার্ড দেখানো হয়।
শৃঙ্খলা কমিটি বলেছে, বল দখলের লড়াইয়ে অংশ নেওয়ার অবস্থানে না থেকেও সহিংস আচরণ করায় ভিনিসিয়ুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের সঙ্গে প্রতিবাদমূলক আচরণের জন্য আরও দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।
একেএস/টিএ