লিঁওতে ফেরার ইচ্ছা ছিল বেনজেমার, বাধা সৌদি চুক্তি
ছবি: সংগৃহীত
০২:২৯ এএম | ১৭ অক্টোবর, ২০২৬
শৈশবের ক্লাব লিঁওতে ফেরার কথা দীর্ঘদিন ভেবেছিলেন করিম বেনজেমা। সৌদি আরবে আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফরাসি ক্লাবটিতে আবেগঘন প্রত্যাবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে সৌদি আরবের সঙ্গে চুক্তিগত বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি বলে জানিয়েছেন তার সাবেক এজেন্ট।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমার সাবেক এজেন্ট দজিরি জানান, লিঁওতে ফেরার বিষয়টি নিয়ে অনেক দিন চিন্তা করেছিলেন ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার। কিন্তু সৌদি আরবের সঙ্গে তাঁর চুক্তি থাকায় গ্রীষ্মকালীন দলবদলে ফ্রান্সে ফেরা সম্ভব হয়নি।
দজিরি বলেন, ‘এ গ্রীষ্মে তার পক্ষে ফেরা অসম্ভব ছিল, কারণ সৌদি আরবের সঙ্গে তার চুক্তি রয়েছে। লিঁওতে ফেরার কথা তিনি দীর্ঘদিন ভেবেছেন। এটি তার শহর, তার দল, তার ক্লাব।’

লিঁওর একাডেমি থেকেই উঠে এসেছিলেন বেনজেমা। ২০০৯ সালে সেখান থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। স্প্যানিশ ক্লাবটিতে কাটান টানা ১৪ মৌসুম। জেতেন অসংখ্য শিরোপা, প্রতিষ্ঠা করেন নিজেকে বিশ্বসেরাদের একজন হিসেবে। ২০২৩ সালে সৌদি আরবে যাওয়ার আগে পেশাদার ক্যারিয়ারে খেলেছেন মাত্র দুটি ক্লাবে- লিঁও ও রিয়াল মাদ্রিদ।
বেনজেমার ক্যারিয়ারের এই ধারাবাহিকতাকে বিরল বলে মনে করেন তার সাবেক এজেন্ট। দজিরি বলেন, ‘অনেক খেলোয়াড়ের মতো নয়, করিম মাত্র দুটি ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমান সময়ে এমন সরল ও ধারাবাহিক ক্যারিয়ার খুবই বিরল।’
একেএস/টিএ