ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতাম: মরিনিও
ছবি: সংগৃহীত
১২:৪৮ এএম | ১৮ অক্টোবর, ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই ক্লাব ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও।
গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা। এ ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে প্রতিপক্ষের সমর্থকদের নিয়মিত বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস।
সাংবাদিকদের মরিনিও বলেন, ‘সে অসাধারণ একজন তরুণ, যার সঙ্গে সহজেই ভালো সম্পর্ক গড়ে তোলা যায়।’ তিনি আরও বলেন, ‘সে চমৎকার একজন মানুষ। এত কিছুর পরও সে যেভাবে জীবনযাপন করছে, টিকে আছে এবং মুখে হাসি ধরে রেখেছে, তার জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে।’
‘আমি যদি তার জায়গায় থাকতাম, সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার জন্য চাপ দিতাম এবং এমন কোনো লিগ, দেশ কিংবা জায়গায় চলে যেতাম, যেখানে প্রতিপক্ষের ক্লাব ও স্টেডিয়ামগুলো তাকে সম্মান করে।’
চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন ভিনিসিয়ুস। তবে ভিনিসিয়ুস, কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের মতো আক্রমণভাগের তিন তারকাকে একসঙ্গে খেলিয়ে দলের ভারসাম্য বজায় রাখা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মরিনিও বলেন, ‘রিয়াল মাদ্রিদকে ভালোবাসে বলেই, ক্লাব ও শহরের প্রতি ভালোবাসা এবং সবকিছু আরও ভালো হতে পারে, এই বিশ্বাস থেকেই সে চুক্তি নবায়ন করেছে এবং হাসিমুখে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কেউই তার জীবনযাপন, কাজ করা কিংবা সতীর্থদের সঙ্গে থাকার আনন্দ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, সে মানুষ বলে কেউ তাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু তার বেঁচে থাকার আনন্দ কেড়ে নিতে পারবে না।’
বুধবার রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ৪-৩ গোলের জয়ের ম্যাচে ভিনিসিয়ুসকে তুলে নেন মরিনিও। কার্লো আনচেলত্তির অধীনে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই উইঙ্গার এখনো নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি।
ভিনিসিয়ুসের চার ম্যাচের নিষেধাজ্ঞায় সন্তোষ প্রকাশ করেছেন মরিনিও। তার ধারণা ছিল, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটির নেপথ্যের কিছু ব্যক্তি তাকে আরও এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিতে পারেন।
আগামীকাল সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও বাড়তে না দেওয়াই হবে তাদের লক্ষ্য। হ্যান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই জিতেছে বার্সেলোনা। চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।
একেএস/টিএ