© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এল ক্লাসিকো চলাকালে ব্রাজিল তারকার বাসায় চুরি, ৫ কোটি টাকার ক্ষতি

শেয়ার করুন:
এল ক্লাসিকো চলাকালে ব্রাজিল তারকার বাসায় চুরি, ৫ কোটি টাকার ক্ষতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ এএম | ০১ নভেম্বর, ২০২৬
লা লিগায় চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। চোট কাটিয়ে অক্টোবরে মাঠে ফিরলেও, রোমাঞ্চকর ওই ম্যাচ ডাগআউটে বসে দেখেছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। ওই সময়ে তার বাসায় বড়সড় চুরির ঘটনা ঘটেছে। যেখানে প্রায় পাঁচ কোটি টাকা (সাড়ে ৩ লাখ ইউরো) সমপরিমাণের সম্পদ হারিয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দোর বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের তথ্যমতে, যখন রিয়াল-বার্সা ম্যাচ চলছিল, তখন ব্রাজিলিয়ান তারকার বাসার তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে চোর প্রবেশ করে। এ সময় তারা মিলিতাওয়ের শোবার ঘর তছনছ করে ফেলে। দামী ব্যাগ, ঘড়ি ও গয়না খোয়া গেছে বাসা থেকে।

এল মুন্দো’র প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে ফিরে মিলিতাও লক্ষ্য করেন তার ৫৩০০০ ইউরো মূল্যের একটি রোলেক্স এবং প্রায় ১৭০০০০ ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি উধাও। এ ছাড়া প্রায় ১৫০০০ ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, প্রায় ২৫০০০ ইউরো মূল্যের কার্টিয়ার আংটি ও ব্রেসলেট এবং আরও কিছু গয়না, ব্রেসলেট ও ​​সুটকেস চুরি হয়েছে। সবমিলিয়ে খোয়া যাওয়া জিনিসের মোট মূল্য প্রায় ৩ লাখ ৫০০০০ ইউরো ছাড়িয়ে যাবে।

মিলিতাওয়ের পরিবারের সদস্যরা তখন বাসার নিচ তলায় এল ক্লাসিকো ম্যাচ দেখছিলেন। বাসায় চোর প্রবেশের বিষয় টেরও পাননি তারা। সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে হাই-প্রোফাইল ফুটবলারদের লক্ষ্য করে যে ধারাবাহিক চুরির ঘটনা ঘটছে, এটি তার সর্বশেষ উদাহরণ।

বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়ের-এমেরিক অবামেয়াং ২০২২ সালে একটি সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে, ওই সময় মারধর করা হলে তার চোয়াল ভেঙে গিয়েছিল। এ ছাড়া চলতি মাসে ডাকাতির শিকার হয়েছেন রিয়াল বেটিসের স্ট্রাইকার ট্রয় প্যারট এবং প্যারিস সেন্ট জার্মেইর সাবেক গোলরক্ষক সার্জিও রিকোও।

এফআর/

মন্তব্য করুন