আমাকে আগের মতো পরিপাটি বা গ্ল্যামারাস লাগে না : পিয়া জান্নাতুল
ছবি: সংগৃহীত
০৪:৫৭ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
র্যাম্প মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত ব্যস্ততার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নানা ভাবনা ও মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ পড়া এবং আগের মতো গ্ল্যামারাস না লাগার বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন পিয়া।
সেখানে তিনি লিখেছেন, ‘অনেকেই আমাকে বলেন, “তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।” সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’
এর কারণও ব্যাখ্যা করেছেন এই তারকা। তার ভাষ্য, ‘কারণ এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া।’
পোস্টের শেষাংশে নিজের প্রাপ্তি ও স্বপ্ন পূরণের কথা তুলে ধরে পিয়া জানান, একসময় যেসব বিষয় কেবল স্বপ্নে দেখতেন, সেগুলোর অনেক কিছুই এখন তার জীবনের অংশ। সবকিছু নিখুঁত না হলেও জীবনে যা পেয়েছেন, তা নিয়েই কৃতজ্ঞ তিনি। পিয়ার এই পোস্টে নেটিজেনদের কেউ কেউ নিজেদের মতামত জানিয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘জীবনে অনেক অর্জন থাকলেও সততার কোনো বিকল্প নেই। এই বয়সেই এত ক্লান্ত হওয়ার যৌক্তিক কারণ আছে, নিশ্চিত? পরিশ্রমী মানুষেরও শরীর ও মন কখনো কখনো অসহায় বোধ করে।’ আরেকজন লিখেছেন, ‘নিজের কাছে নিজে সৎ থাকলে এবং অন্যের ভালো চিন্তা ও ভালো করলে অবশ্যই মনে প্রশান্তি থাকবে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়বে না।’
এসএ/