তামিমের নেতৃত্বাধীন বিসিবির বিপিএল আয়োজনের সক্ষমতা নেই: আসিফ আকবর
ছবি: সংগৃহীত
১০:৩৭ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
বছরের শেষ দিকে বাংলাদেশে বসত তারার মেলা। তবে এবার ক্রিকেটারদের সেই মেলা দেখার সুযোগ নেই।
যাকে কেন্দ্র করে মেলা বসত সেই বিপিএলই যে এবার হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এ বছর করবে না বলে ঘোষণা দিয়েছি।
বিপিএল না হওয়া নিয়ে তাই ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। সেই তালিকায় এবার যোগ দিয়েছেন আসিফ আকবর।
সাবেক বিসিবি পরিচালক বর্তমান কমিটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, তামিম ইকবালের নেতৃত্বাধীন এই বোর্ডের বিপিএল আয়োজন করার সক্ষমতাই নেই।
আজ ফার্মগেটের খামারবাড়িতে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত (এনসিপির) এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন আসিফ। নিজেদের বোর্ডের উদাহরণ টেনে বিসিবির সাবেক পরিচালক বলেছেন, ‘আমরা দেড় মাস বিসিবির দায়িত্ব নিয়েই বিপিএল আয়োজন করেছি।

তাহলে এখন বিপিএল হবে না কেন? কারণ, তারা সক্ষম না।’
বিসিবিকে একটা আড্ডাখানা হিসেবে মনে করেন আসিফ। সংগীতশিল্পী বলেছেন, ‘তারা এখানে একটা আড্ডার জায়গা বানিয়েছে। বিসিবি হয়ে গেছে আড্ডার স্থল। আমরা আইন করে দিয়ে এসেছিলাম ৫ লাখ টাকার বেশি উত্তোলন করতে গেলে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বর্তমানে কোটি কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার বাইরে ব্যবহার করা হচ্ছে। টাইগার ডেন বানানো হচ্ছে। ওখানে ফ্যান লাগাচ্ছে। মূল খেলার খবর নেই।’
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান ছিলেন আসিফ। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সেই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি করেছিল তামিমকে। পরে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন বাংলাদেশের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম।
একেএস/টিএ