© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না ফেরার দেশে খ্যাতিমান টালিউড নির্মাতা অমল রায় ঘটক

শেয়ার করুন:
না ফেরার দেশে খ্যাতিমান টালিউড নির্মাতা অমল রায় ঘটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
নব্বইয়ের দশকের টালিউডের পরিচিত পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক আর নেই। শনিবার (৭ অক্টোবর) দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এই নির্মাতা। সম্প্রতি তার কেমোথেরাপিও প্রায় শেষের দিকে ছিল। চিকিৎসায় সাড়া দিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন বলেও পরিচিতদের জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর ফেরা হলো না তার। অমল রায় ঘটকের মৃত্যুর খবর জানিয়েছেন তার ভাই, বাচিকশিল্পী অলোক রায় ঘটক।

নব্বইয়ের দশকে টালিউডের বাণিজ্যিক চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন অমল রায় ঘটক। সে সময় অ্যাকশননির্ভর ছবির দাপট থাকলেও তিনি মননশীল গল্প ও ভিন্নধর্মী বিষয়বস্তুকে গুরুত্ব দিয়েছেন। তার পরিচালিত ছবিতে পরিচিত তারকাদের পাশাপাশি টেলিভিশনের অভিনেতাদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন।

অমল রায় ঘটকের পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘উজান’। এতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলি ও দোলন রায়। লাবণী সরকার ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘কাঁচের পৃথিবী’ও তার জনপ্রিয় কাজগুলোর একটি। এ ছাড়া তাপস পাল ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘দেবর’ এবং রঞ্জিত মল্লিক, রিনা চৌধুরী ও চুমকি চৌধুরী অভিনীত ‘শ্রীমান ভূতনাথ’ তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অমল রায় ঘটক। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গাঙ্গুলি অভিনীত ‘মানসী’ ছবির চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, সুমিত্রা মুখোপাধ্যায় ও কালী বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। ছবিটির জনপ্রিয় গান ‘কত না ভাগ্যে আমার এ জীবন পুণ্য হল’ গেয়েছিলেন আশা ভোঁসলে।

কর্মজীবনে তপন সিংহ, অরুন্ধতী দেবী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নব্বইয়ের দশকের বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রে ভিন্নধারার গল্প ও নির্মাণশৈলীর জন্য আলাদা পরিচিতি পেয়েছিলেন অমল রায় ঘটক। পরিচালনা ও চিত্রনাট্যের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে রেখে গেছেন নিজের স্বতন্ত্র ছাপ। তার প্রয়াণে টালিউডে একটি পরিচিত অধ্যায়ের অবসান হলো।

এসএ/


মন্তব্য করুন