© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই বিপ্লবের নেতাদের টার্গেট করছে পতিত ফ্যাসিস্ট শক্তি : নাহিদ ইসলাম

শেয়ার করুন:
জুলাই বিপ্লবের নেতাদের টার্গেট করছে পতিত ফ্যাসিস্ট শক্তি : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ১২ নভেম্বর, ২০২৬
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য করে পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের কোনো রাজনৈতিক শক্তি নয়। দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে একটি বিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে সীমান্ত পেরিয়ে আশ্রয় নেওয়ার অভিযোগও করেন তিনি। 

নাহিদ আরও বলেন, সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারছে না। এ অবস্থায় নীরব থাকার সুযোগ নেই। বাংলাদেশের বিরোধী শক্তির মোকাবিলা ঐক্যবদ্ধভাবে করা হবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেওয়া হবে।

এদিকে, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

নুসরাত জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমআর/ 


মন্তব্য করুন