© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির

শেয়ার করুন:
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ১২ নভেম্বর, ২০২৬
এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুম জ্যোতির বসতবাড়ি লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার পাঁচটি ঘর ও দুটি ছাগল পুড়ে গেছে।

বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। একজন সংসদ সদস্যের বাড়িতেই যদি এমন নৃশংস হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ ঘটনা প্রমাণ করে, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

তারা বলেন, নুসরাত তাবাসসুম জ্যোতি জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা। ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী গণ-অভ্যুত্থান দমনের উদ্দেশ্যে তাকে তুলে নিয়ে নির্যাতন করেছিল। কিন্তু ভয়ভীতি ও নির্যাতন উপেক্ষা করে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের এমন একজন সম্মুখসারির যোদ্ধার বাড়িতে এ হামলা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে এবি পার্টির নেতারা আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও অগ্নিসন্ত্রাস, নাশকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তারা বলেন, সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে কারও পুনর্বাসনের সুযোগ নেই। জনগণকে ভয় দেখিয়ে কিংবা রাষ্ট্রকে অস্থিতিশীল করে অতীতের ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনা যাবে না।

এবি পার্টির নেতৃদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে সহিংসতা ব্যবহারের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জুলাইয়ের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

বিবৃতিতে তারা অগ্নিসংযোগের ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এমআর/ 

মন্তব্য করুন