© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুসরাত তাবাসসুমএটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে

শেয়ার করুন:
এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল ও ৫০-৬০ টি মুরগি মারা গেছে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে তিনি আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, মনে হচ্ছে এটা পতিত আওয়ামী লীগের কাজ, পলাতক সন্ত্রাসীদের কাজ। হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে। উল্লাসও তাদের করতে দেখা যাচ্ছে। এটা লীগেরই কাজ। 

তিনি আরও বলেন, বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটি রাজনৈতিক নাশকতা বলে মনে করছি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে হঠাৎ করে বিকট শব্দ হয় পরে তারা গবাদি পশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পান। সেটি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদার বাড়ি। তার পাশেই বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। এতে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সেই বাড়িতে কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও গবাদি পশুগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কয়েকটি ছাগল এবং বেশকিছু মুরগি মারা গেছে।

নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম বলেন, আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। আগুন লাগার খবর পেয়ে আমরা বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ বিষয়ে আমরা আইনগত ব্যাবস্তা নেব।

বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এখানে ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতাম।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান দেশের একটি গণমাধ্যমকে জানান, রাতে সংসদ সদস্য আমাকে ফোন দিয়ে জানান তার বাড়িতে কে বা কারা আগুন লাগিয়েছেন। পরে আমি ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  

তিনি আরও বলেন, এই ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কোনো ক্ষতি হয়নি। যে বাড়িতে আগুন লেগেছে সেখানে গবাদিপশু রাখা হয়। এটি মূলত সংসদ সদস্যের দাদার বাড়ি। এই বাড়ির পাশে একটি তিন তলা বাড়িতে সংসদ সদস্যের পরিবারের সদস্যরা বসবাস করেন।

ওসি বলেন, আশপাশের সিসি ক্যামেরা আছে। সেখান থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাত ১২টা ১০ মিনিটে বাড়িতে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। সেখানে আটটি ঘরের মধ্যে পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনসিপির কুষ্টিয়া জেলার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, একজন জুলাইযোদ্ধা ও একজন সংসদ সদস্যের বাড়িতে রাতের আঁধারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজনের কাজ। দেশকে অস্থিতিশীল করতে এই ধরনের কাজ আওয়ামী সন্ত্রাসীরা ছাড়া আর কেউ করতে পারে না। আমাদের দাবি অতিদ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এমআর/ 

মন্তব্য করুন