কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের ২ বোন
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পূর্বনির্ধারিত একটি সরকারবিরোধী পদযাত্রার আগে কারাবন্দী হওয়া তার দুই বোনকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। তাদের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, সরকারের পক্ষ থেকে আটকাদেশ স্থগিত করার পর উজমা খান ও নওরীন নিয়াজিকে পূর্ব লাহোরের কোট লাখপাত কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে পিটিআই জানিয়েছে, ইমরান খানের আরেক বোন আলিমা খান এখনো কারাগারেই বন্দি আছেন।
পাকিস্তান সরকার জানিয়েছিল, ইসলামাবাদে পিটিআইয়ের পরিকল্পিত ওই পদযাত্রার আগে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারেন, এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়নি।
বিক্ষোভের আয়োজনকারী ইমরান খানের দল পিটিআই-শাসিত খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারকেও স্থগিত করেছিল কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
৫৩ দিন কারাগারে বন্দি রাখার পর হঠাৎ কেন তার মাকে মুক্তি দেওয়া হলো, তার ব্যাখ্যা চেয়েছেন উজমা খানের ছেলে ওয়ালি খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সিদ্ধান্তগুলোর কোনো আইনি ভিত্তি নেই। তিনি লেখেন, 'তাদের কারাবাস যেমন ছিল খেয়ালখুশিমতো, মুক্তিও তেমনি।'
সূত্র: রয়টার্স
এমআই/