© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

শেয়ার করুন:
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
বাংলা সাহিত্যের এমন কিছু চরিত্র আছে, যারা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি, জায়গা করে নিয়েছে পাঠকের হৃদয়ে। কখনো হলুদ পাঞ্জাবি পরা হিমু, কখনো রহস্যের জট খুলতে ব্যস্ত মিসির আলী, আবার কখনো শুভ্র- এসব চরিত্রের মধ্য দিয়ে কয়েক প্রজন্মের পাঠকের কল্পনার জগৎ সমৃদ্ধ করেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গল্প, উপন্যাস, নাটক কিংবা চলচ্চিত্র- সৃষ্টির প্রতিটি ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা এই লেখকের জন্মদিন আজ।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ছোটবেলা থেকেই সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আগ্রহী ছিলেন তিনি। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই বাংলা সাহিত্যে আলোচনায় আসেন। প্রথম বইতেই পাঠক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুই শতাধিক উপন্যাস ও অন্যান্য গ্রন্থের মধ্য দিয়ে গড়ে তোলেন বাংলা সাহিত্যে নিজস্ব এক জগৎ।

তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সাধারণ জীবনের গল্পকে অসাধারণভাবে তুলে ধরা। মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, প্রেম, বিরহ, সম্পর্কের টানাপোড়েন কিংবা মানুষের মনস্তত্ত্ব—সবকিছুই উঠে এসেছে তার লেখায়। সহজ ভাষা, সংলাপের সাবলীলতা আর রসবোধের কারণে তার বই হয়ে উঠেছিল সব বয়সী পাঠকের প্রিয়। তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্রগুলোও সময়ের সঙ্গে হয়ে উঠেছে বাংলা সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ।

সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকেও ছিল তার অনন্য বিচরণ। আশির ও নব্বইয়ের দশকে তার নির্মিত নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও দর্শকের স্মৃতিতে বিশেষ জায়গা দখল করে আছে। নাটকটির শেষ পর্বে বাকের ভাইয়ের পরিণতি নিয়ে দর্শকদের আবেগ ও প্রতিক্রিয়া প্রমাণ করেছিল, পর্দার একটি কাল্পনিক চরিত্রও কীভাবে মানুষের জীবনের অংশ হয়ে উঠতে পারে।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন হুমায়ূন আহমেদ। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন জীবনের নানা গল্প ও বাস্তবতা। তার নির্মিত চলচ্চিত্র বিভিন্ন সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক।

২০১২ সালের ১৯ জুলাই ৬৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জনপ্রিয় কথাসাহিত্যিক। তার চলে যাওয়ায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে তৈরি হয় এক অপূরণীয় শূন্যতা। তবে মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

প্রতি বছর জন্মদিন এলেই নতুন করে আলোচনায় আসে তার সৃষ্টিকর্ম, ফিরে আসে প্রিয় চরিত্রগুলো। বইমেলা থেকে শুরু করে পাঠকের ব্যক্তিগত সংগ্রহ- সবখানেই রয়েছে তার উপস্থিতি। টেলিভিশনের পর্দায় তার নাটক দেখেও দর্শক ফিরে যান স্মৃতির দিনগুলোতে। সময় বদলেছে, বদলেছে পাঠকের রুচি ও বিনোদনের মাধ্যম; কিন্তু হুমায়ূন আহমেদের গল্পের আবেদন রয়ে গেছে আগের মতোই। তাই জন্মদিনে তাকে স্মরণ করা মানে কেবল একজন লেখককে স্মরণ করা নয়, বরং বাংলা সাহিত্যের এক ভালোবাসার জগতে আবারও ফিরে যাওয়া।

এসএ/

মন্তব্য করুন