সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
নব্বইয়ের দশকে ব্যান্ডসংগীতের শ্রোতাদের কাছে পরিচিত মুখ ছিলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। ‘রোকযানা’ গান দিয়ে বিশেষ পরিচিতি পাওয়া এই শিল্পী আর নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর ।সাহেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
আজ শুক্রবার, গোপীবাগ আড়াই লেনের বাইতুন নূর জামে মসজিদে বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃদু স্ট্রোকের শিকার হন তিনি। এরপর ডেঙ্গু ও অন্যান্য সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ পর্যন্ত আর ফেরানো গেল না এই শিল্পীকে।
অসুস্থতার মধ্যেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। দীর্ঘ ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের পরিকল্পনা ছিল তার। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারেও সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তা বাতিল করা হয়।
পরিকল্পনা ছিল, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাবেন তিনি। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতিতে সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। নতুন গান প্রকাশ ও সুস্থ হয়ে আবারও সংগীতে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন সাহেদ।
শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসছিলেন তিনি। ‘রোকযানা’ গানটির সুবাদে শ্রোতাদের কাছে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিতি পান। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোক।
এসএ/