‘বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল আর নেই
ছবি: সংগৃহীত
০৬:১৩ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ বোজ্যাক হর্সম্যান-এর অ্যানিমেটর ও ট্রিপট্যাংক-এর সহনির্মাতা মাইকেল জন রবার্টস মারা গেছেন। গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মাইকেল জন রবার্টস গ্লিওব্লাস্টোমায় আক্রান্ত ছিলেন। এটি মস্তিষ্কের এক ধরনের আক্রমণাত্মক ক্যানসার। তার স্ত্রী ও অভিনেত্রী ব্রি উইলিয়ামসনসহ পরিবারের সদস্যরা এক শোকবার্তার মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শোকবার্তায় পরিবারের সদস্যরা জানান, মাইকেল পৃথিবীকে অন্যদের চেয়ে একটু ভিন্নভাবে দেখতেন। তিনি ছিলেন একজন প্রতিভাবান শিল্পী। অন্যরা যে বিষয়গুলো এড়িয়ে যেতেন, সেখানেও তিনি সৌন্দর্য ও অর্থ খুঁজে পেতেন। তার সৃজনশীলতা শুধু ছবি আঁকা বা অ্যানিমেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; পৃথিবীকে দেখার ও প্রশ্ন করার ধরনেও এর প্রকাশ ঘটত।
পরিবার জানায়, তার অসুস্থতা হঠাৎ করেই ধরা পড়ে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। তাকে অসুস্থতার কারণে নয়, বরং তার কাজ, মানুষের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক, বন্ধুত্ব এবং উদারতার জন্য মনে রাখার আহ্বান জানিয়েছে পরিবার।
১৯৭৭ সালের ২০ ডিসেম্বর কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন রবার্টস। শিশুদের জন্য নির্মিত অনুষ্ঠান ও অ্যানিমেশন দিয়ে তার কর্মজীবন শুরু। তার শুরুর দিকের কাজের মধ্যে ছিল অ্যানিমেটেড সিরিজ অ্যাঞ্জেলা অ্যানাকোন্ডা এবং পাপেট ও লাইভ অ্যাকশনের সমন্বয়ে তৈরি দ্য হুবস।
পরে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অ্যানিমেশন নির্মাণে যুক্ত হন তিনি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত কমেডি সেন্ট্রালের অ্যানিমেটেড স্কেচ শো ট্রিপট্যাংক-এর সহনির্মাতা ও পরিচালক হিসেবে কাজ করেন।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ বোজ্যাক হর্সম্যান-এর উদ্বোধনী টাইটেল সিকোয়েন্সের অ্যানিমেশনও তার করা। পাশাপাশি সিরিজটির দুটি পর্ব পরিচালনা করেন তিনি। উইল আর্নেট ও অ্যারন পলের কণ্ঠে নির্মিত সিরিজটি ২০২০ সালে শেষ হয়।
এসএ/