© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার স্বামীর মোবাইল হ্যাক হয়েছিল, উনি রাজনীতির সঙ্গে যুক্ত না: এসপি জাহাঙ্গীরের স্ত্রী

শেয়ার করুন:
আমার স্বামীর মোবাইল হ্যাক হয়েছিল, উনি রাজনীতির সঙ্গে যুক্ত না: এসপি জাহাঙ্গীরের স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৯ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাছুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাছুমা আক্তার। এ সময় তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মাছুমা আক্তার বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখেন, আসলে কী ঘটনা। তাঁর মুঠোফোন হ্যাক করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা দরকার।’

গত ৮ নভেম্বর তাঁর স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল বলে দাবি করেন মাছুমা আক্তার। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি। তাঁর ভাষ্য, মুঠোফোন হ্যাক হওয়ার ঘটনায় তাঁর স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জাহাঙ্গীর আলমের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তাঁর স্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা তাঁর স্বামী বলেননি। তাঁর স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ ছাড়া জাহাঙ্গীরের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করে দেখার আহ্বান জানান তিনি।

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাছুমা আক্তার বলেন, তাঁর স্বামী একজন কৃষকের সন্তান। তাঁর বাবার আয়ে একসময় পরিবারের ১২ জন সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীরের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তাঁর স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি বলে দাবি করেন তিনি।

এর আগে, রোববার বিকেলে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা এ অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে। তিনি মো. জিন্নাত আলীর ছেলে। তাঁদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

আরআই/

মন্তব্য করুন