© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুগল ম্যাপে ৮৮ মিলিয়ন মানুষের কাছে শাহাবুদ্দিন শুভর তথ্য

শেয়ার করুন:
গুগল ম্যাপে ৮৮ মিলিয়ন মানুষের কাছে শাহাবুদ্দিন শুভর তথ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
একজন ভ্রমণপিপাসু মানুষ নতুন কোনো জায়গায় গেলে সবার আগে খোঁজেন সঠিক ঠিকানা, যাতায়াতের পথ, খোলার সময় কিংবা ভালো কোনো রেস্তোরাঁর সন্ধান। প্রযুক্তির এই সময়ে এসব তথ্যের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম গুগল ম্যাপ। আর সেই ম্যাপকে আরও সমৃদ্ধ করতে নীরবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি সাংবাদিক, লেখক ও গবেষক শাহাবুদ্দিন শুভ।

গুগল ম্যাপে বিভিন্ন স্থানের ঠিকানা, ছবি, খোলার সময়, রিভিউসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত ও হালনাগাদ করেন তিনি। তার এই কাজের পরিসর এখন বেশ বিস্তৃত। গুগল ম্যাপের লেভেল-৭ লোকাল গাইড হিসেবে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ অবদান রেখেছেন তিনি। এসব অবদানের বিপরীতে অর্জন করেছেন প্রায় ৫ হাজার ৩০০ পয়েন্ট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর যুক্ত করা তথ্যগুলো এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে।

শুভর অবদানের বড় একটি অংশ ফ্রান্সের বিভিন্ন স্থানকে ঘিরে। দেশটির দর্শনীয় স্থান, রেস্তোরাঁ ও বিভিন্ন সেবাপ্রতিষ্ঠান সম্পর্কে তথ্য যুক্ত ও হালনাগাদ করেছেন তিনি। তাঁর উদ্দেশ্য, ফ্রান্সে ভ্রমণ করতে যাওয়া মানুষ যেন কোনো জায়গায় যাওয়ার আগে সেখানকার সঠিক ও প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারেন।

নিজের এই অভিজ্ঞতা সম্পর্কে শাহাবুদ্দিন শুভ বলেন, গুগল ম্যাপে তথ্য যোগ করা আমার কাছে শুধু একটি কাজ নয়, এটি একটি অসাধারণ ভালো লাগার অভিজ্ঞতা। একটি জায়গার সঠিক ঠিকানা, খোলার সময়, ছবি বা রিভিউ যখন অন্য কোনো ভ্রমণপিপাসু মানুষের কাজে লাগে, তখন নিজেকে সেই বৃহৎ পরিবারের একজন বলে মনে হয়।

তার কাছে গুগল ম্যাপে অবদান রাখার বিষয়টি কেবল পয়েন্ট অর্জন কিংবা নিজের প্রোফাইল সমৃদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং অন্য মানুষের ভ্রমণ ও দৈনন্দিন চলাচল সহজ করতে তথ্যের মাধ্যমে সহযোগিতা করাই তাঁর কাছে বড় প্রাপ্তি।

নিজের অর্জন সম্পর্কে শুভ বলেন, আমার এখন পর্যন্ত অর্জন ছোট হলেও আনন্দ বড়। আমি Level 7 Local Guide হিসেবে প্রায় ১.২ হাজার অবদান রেখেছি, যা প্রায় ৫.৩ হাজার পয়েন্ট এনেছে এবং আমার তথ্যগুলো প্রায় ৮৮ মিলিয়ন বার দেখা হয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে কীভাবে বিশ্বজুড়ে তথ্যভাণ্ডার সমৃদ্ধ হতে পারে, শাহাবুদ্দিন শুভর এই উদ্যোগ তার একটি উদাহরণ। একজন ব্যবহারকারীর যুক্ত করা সঠিক ঠিকানা, ছবি কিংবা অভিজ্ঞতা অন্য দেশের একজন ভ্রমণকারীর জন্যও প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। এভাবেই স্থানীয় তথ্য ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরিসরে।

ভবিষ্যতে নিজের এই কার্যক্রম আরও বিস্তৃত করতে চান শুভ। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও সেবাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ম্যাপে যুক্ত ও নিয়মিত হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে বিদেশের বিভিন্ন স্থানের তথ্য নিয়েও কাজ চালিয়ে যেতে চান তিনি।

এ বিষয়ে তার প্রত্যাশা, ভবিষ্যতে আমি দেশ ও বিদেশের তথ্য নিয়মিত হালনাগাদ করে যেতে চাই। বাংলাদেশের জায়গাগুলোর তথ্যও যুক্ত করার ইচ্ছা আছে। তবে এই যাত্রায় আমি একা নই। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও অভিজ্ঞতা আমার জন্য অনেক মূল্যবান। কোনো তথ্য ভুল দেখলে বা নতুন কিছু জানলে জানাবেন, একসঙ্গে সবার জন্য ম্যাপটিকে আরও সমৃদ্ধ করা যাবে।

শাহাবুদ্দিন শুভর এই উদ্যোগের মূল শক্তি হলো তথ্যের প্রতি দায়িত্ববোধ এবং অন্যের উপকারে আসার মানসিকতা। একজন সাংবাদিক, লেখক ও গবেষক হিসেবে তথ্য নিয়ে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি ডিজিটাল মানচিত্রে তার এই অংশগ্রহণ নতুন এক সম্ভাবনার দিকও তুলে ধরে।

প্রযুক্তির যুগে তথ্যই মানুষের পথচলাকে সহজ করে। আর সেই তথ্য সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে একজন সাধারণ ব্যবহারকারীর ছোট ছোট অবদানও যে বিশ্বজুড়ে বড় পরিসরে কাজে আসতে পারে, শাহাবুদ্দিন শুভর অভিজ্ঞতা তারই প্রতিফলন।

এমআর/ 

মন্তব্য করুন