© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা, কারাগারে আশফাক আজিজ

শেয়ার করুন:
দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা, কারাগারে আশফাক আজিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে।

গত ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন আশফাক আজিজ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আশফাক আজিজ আদালতে আত্মসমর্পণ করলে তার পক্ষের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন চান এবং কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার আবেদন করেন। তবে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত আশফাক আজিজসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার এবং এম এ হাসেমের আরেক ছেলে শওকত আজিজ রাসেল।

মামলার রায়ে আসামি আশফাক আজিজ ও শওকত আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় তে দোষী সাব্যস্ত করা হয়। তাদের উভয় ধারায় ৭ বছর করে ১৪ সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে রাজউকের সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক ধারায় তাদের ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখা টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আসামিদের হাজতবাস মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে এবং উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। ​তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের ওই ধারা থেকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আসামি শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দকৃত সেক্টর-০১, রোড-৪০৫, প্লট নম্বর-০১১ ও ০১৩-এই দুটি প্লটের বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, রায় ঘোষণার পর গত ১ নভেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চেয়েছিলেন আশফাক আজিজের ভাই শওকত আজিজ। সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠালেও পরে গত ১০ নভেম্বর তিনি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান।

এমআই/

মন্তব্য করুন