দুই বছরের মধ্যে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হচ্ছে সিরাজগঞ্জ; বিনামূল্যে ৫০ হাজার অপারেশনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।
শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে আয়োজিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, "আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।"
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, "একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছরে প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।"

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। একইসঙ্গে ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশ্বিক অঙ্গীকারের কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, "গত ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্য বিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশের ২ কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। এর পাশাপাশি ১ কোটি মানুষকে চশমা এবং ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়া ৮টি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা চালুর জন্য ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী 'প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল'। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনী দিনেই ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।
প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল-এর সাধারণ সম্পাদক মো: আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মোঃ নুরুল আমিন, অপথালমোলজিক্যাল সোসাইট অব বাংলাদেশের অধ্যাপক ডা. মো. জিননুরাইন নিউটন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম, স্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচীর প্রধান ডা. আফসানা হাবিব শিউলী।
কেএন/