বিজয়কে নিয়ে কটাক্ষ, সমালোচকদের জবাব দিলেন রাশমিকা
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
ভারতের দক্ষিণী চলচ্চিত্রশিল্পের অন্যতম তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন রাশমিকা। অনুষ্ঠানের অন্তিম সিজনের দ্বিতীয় পর্বে তারকা দম্পতির উপস্থিতির পর তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়।
নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, রাশমিকা বিজয়কে ভালোবাসেন, আর বিজয় ভালোবাসেন নিজেকে। এমন মন্তব্যের পাশাপাশি নানা ধরনের কটাক্ষের মুখেও পড়েন দুজন।
এ ধরনের সমালোচনার বিষয়ে রাশমিকা বলেন, ‘আগে আমি উত্তর দিতাম। কিন্তু একটা সময়ের পরে বুঝেছি, এর কোনও অর্থ নেই। অযথা সময় নষ্ট হয় মাত্র। হয়তো, কখনও কখনও জবাব দিতে ইচ্ছা করে। কিন্তু নিজেকে থামিয়ে রাখি। কারণ, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে ভালো।’
‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী জানান, নিজের পরিবারকে নিয়ে নেতিবাচক মন্তব্য সহজে মেনে নিতে পারেন না তিনি। এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আমার পরিবারকে নিয়ে কেউ কিছু বললে আমি একেবারেই মেনে নিতে পারি না। তখন আমি পুরো লড়াকু মেজাজে চলে যাই। আমার আসন্ন ছবি ‘মাইসা’-র মতোই হয়ে উঠব।’
পরিবারকে কটাক্ষ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাশমিকা। তার ভাষ্য, ‘আমার পরিবার তো এই পেশা বেছে নেয়নি। তারা কেউ পরিচিত মানুষও নন। তাই তাদের নাম টেনে এনে ব্যক্তিত্ব নিয়ে কুৎসা করা কি ঠিক? এটা তো তাদের প্রাপ্য নয়।’
এদিকে রাশমিকার নতুন ছবি ‘মাইসা’ ঘিরেও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। ছবিটির গান ‘ও মাইসা রে’ প্রকাশের পর সেখানে অভিনেত্রীর ব্যতিক্রমী রূপ আলোচনায় এসেছে। রক্তবর্ণা সাজে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। স্ত্রীর এই নতুন রূপের প্রশংসা করেছেন বিজয় দেবরকোন্ডাও। এখন ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন রাশমিকার ভক্তরা।
এসএ/