বিভাগীয় শহরে আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:০৩ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে 'আই ব্যাংকিং' ব্যবস্থা জোরদার এবং কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। একইসঙ্গে কর্নিয়াজনিত অন্ধত্বের বর্তমান কারণ ও চাহিদা নিরূপণে নতুন গবেষণা এবং মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নীলক্ষেত বাবুপুরা রোডস্থ সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি হলে 'সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য ড এম এ মুহিত বলেন, রক্তদান তিন মাস পরপর করা গেলেও কর্নিয়া দান জীবনে ও মরণে একবারই করা যায়। তাই এ ক্ষেত্রে সাধারণ মানুষের মাঝে সংস্কার দূর করতে নিবিড় পরামর্শ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সন্ধানীর ৪২ বছরের নিরলস প্রচারণার ফলে সমাজে একসময়ের কুসংস্কার অনেকটাই কমেছে এবং মানুষ এখন জানে যে কর্নিয়া দানের মাধ্যমে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ দৃষ্টি ফিরে পেতে পারেন।

২০১২ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক হিসেবে বাংলাদেশে শিশু অন্ধত্বের ওপর নিজের পরিচালিত জাতীয় জরিপের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, সে সময় দেশের ৬৪ জেলায় শূন্য থেকে ১৬ বছর বয়সী প্রায় ২ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর ওপর জরিপ চালানো হয়। এতে দেখা গিয়েছিল, প্রায় ২৭ থেকে ২৮ শতাংশ শিশু কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব বরণ করেছে, যার প্রধান কারণ ছিল অপুষ্টি ও ভিটামিন 'এ'-এর অভাব। তবে বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমে এসেছে এবং দুর্ঘটনা বা আঘাতজনিত (ট্রমাটিক) কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে।
আশার কথা জানিয়ে তিনি বলেন, আঘাতজনিত কর্নিয়ার ক্ষতে সফল প্রতিস্থাপনের হার বর্তমানে অনেক বেশি। তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করা গেলে তারা নিজ নিজ পরিবারে দাদা-দাদি ও নানা-নানিকে চক্ষুদানে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখতে পারবে।
দেশের ২০ কোটি মানুষের বিপরীতে মাত্র ৫টি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সব বিভাগে তা সম্প্রসারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন, যাতে প্রতিষ্ঠানটি তাদের চলমান চক্ষু হাসপাতালের মাধ্যমে রাজধানীর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও বিস্তৃত সেবা দিতে পারে।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
এমআর/