পিরোজপুরে বিএনপি কার্যালয়ে হামলা-আগুন, আসামি ৮৫৫ জন
ছবি: সংগৃহীত
১০:২০ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গত ২২ নভেম্বর নাজিরপুর থানায় নথিভুক্ত এ মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় আসামির সংখ্যা ৬৫৫ থেকে ৮৫৫ জন।
মামলার বাদী মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন। গত ১৫ নভেম্বর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় বিএনপির কার্যালয়সহ একাধিক স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে তিনি মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থকদের একাংশ আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এসময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে বিএনপির কার্যালয়সহ আশপাশের একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। পরে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই সময়ে ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন দেওয়া হয়। এছাড়া কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। একটি ফার্নিচারের দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই ও উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু এবং দেউলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ।
এছাড়া মালিখালী এলাকার আওয়ামী লীগ নেতা সুমন মণ্ডল মিঠু, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, জাকির খান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ার সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে একটি বিএনপি কার্যালয় ও একটি ফার্নিচারের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মামলার বিষয়ে ওসি বলেন, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় গত ২২ নভেম্বর মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআই/