ভারতে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান, রাহুল গান্ধীকে রাজনাথ সিং
ছবি: সংগৃহীত
১০:৪৩ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ‘ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যাওয়ার’ কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি অভিযোগ করে বলেছেন, কংগ্রেস ও তার মিত্ররা ‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে’ সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে।
বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ পদযাত্রায় অংশ নেন রাজনাথ সিং। সেখানে এক জনসভায় বক্তৃতার সময় রাজপথের বিক্ষোভের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ধারণার তীব্র বিরোধিতা করেন তিনি। রাজনাথ সিং বলেন, ভারতে ক্ষমতা কেবল ভোটের মাধ্যমেই পরিবর্তন হতে পারে, কখনোই নৈরাজ্য বা রক্তপাতের মাধ্যমে তা হবে না।
দলের ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ প্রচারণার অংশ হিসেবে কালাবুরাগিতে বিজেপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর কংগ্রেস ও তার মিত্ররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। প্রতিবেশী দেশগুলোর ঘটনার সঙ্গে তুলনা টেনে তিনি প্রশ্ন তোলেন, বিরোধীরা কি তেমন পরিস্থিতি তৈরি করে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।
ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, নৈরাজ্য ছড়িয়ে হিন্দুস্তানের ক্ষমতা কখনোই পরিবর্তন করা যাবে না। ক্ষমতার পালাবদল কেবল ভোটের মাধ্যমেই ঘটবে।
রাজনাথ সিং বলেন, এখন যখন তাদের সব কৌশল ব্যর্থ হয়েছে, তখন কংগ্রেস পার্টি ও তাদের কয়েকজন মিত্র বলছে, ‘‘মোদি এভাবে যাবেন না; এখানে সরকার পরিবর্তন হতে হবে।’’
‘‘নৈরাজ্য ছড়িয়ে, অস্থিরতা ছড়িয়ে এবং রক্তপাত উসকে দিয়ে তারা এখানে সরকার বদলাতে চায়। আমাদের প্রতিবেশী অনেক দেশেই এভাবে ক্ষমতা পরিবর্তন হয়েছে; তারা কি তেমন নৈরাজ্য তৈরি করে এখানে সরকার গঠন করতে চায়? আমি কংগ্রেসের রাহুল গান্ধীকে স্পষ্টভাবে বলতে চাই, ভারতের গণতন্ত্র এত দুর্বল নয় যে আপনাদের দলের লোকজন রাস্তায় গোলযোগ বাধিয়ে তা দুর্বল করে দিতে পারে।’’
তিনি বলেন, রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের যে দিবাস্বপ্ন আপনি কল্পনা করেছেন, তা ভুলে যান। নৈরাজ্য ছড়িয়ে হিন্দুস্তানের ক্ষমতা কখনোই পরিবর্তন করা যাবে না। ক্ষমতা পরিবর্তনের কোনো ঘটনা যদি কখনো ঘটে, তবে তা একান্ত এবং কঠোরভাবে ভোটের মাধ্যমেই ঘটবে।
দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, একই সাংবিধানিক ব্যবস্থার অধীনে ছয় দশক দেশ শাসন করা সত্ত্বেও কংগ্রেস ক্ষমতা লাভের আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে। সংবিধান এবং নাগরিকদের সরকার নির্বাচনের অধিকারের কথা জানিয়ে তিনি বলেন, বিজেপি কেবল একটি রাজনৈতিক সমাবেশের জন্য কালাবুরাগিতে আসেনি, বরং গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার শপথ নিতে এসেছে।
তিনি বলেন, কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে আমরা এখানে এসেছি, যারা দেশে নৈরাজ্য ছড়িয়ে এর প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। আগামীকাল সেই দিন, যেদিন আমরা আমাদের সংবিধান পেয়েছিলাম। আমাদের পূর্বপুরুষেরা আমাদের এমন একটি সংবিধান দিয়ে গেছেন, যার অধীনে জনগণের সরকার নির্বাচনের অধিকার রয়েছে। তবে ক্ষমতা দখলের মোহে পড়ে কংগ্রেস এই গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে। যে গণতন্ত্র কংগ্রেসকে ৬০ বছর ক্ষমতায় রেখেছিল, দলটি এখন সেটিকে নৈরাজ্য হিসেবে বর্ণনা করছে।
সূত্র: এএনআই
এমআর/