মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় থাকবেন খলিলুর রহমান
ছবি: সংগৃহীত
১০:০২ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার সফরের সময়ে ঢাকায় থাকবেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় আসবেন খলিলুর রহমান। তিনি ৬ থেকে ৯ ডিসেম্বর ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর শেষে তিনি ঢাকা ছাড়বেন।
চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরে ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশে বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম সফর হতে যাচ্ছে।
কাগজে-কলমে দুই দিনের সফর হলেও আনোয়ার ইব্রাহিম ১২ থেকে ১৩ ঘণ্টার মতো ঢাকায় অবস্থান করার কথা। ৭ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ঢাকায় আসার কথা রয়েছে তার। পরদিন ৮ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম।
এমআর/